দেশজুড়ে ঈদুল আজহার আনন্দ। সেই আনন্দ থেকে বিচ্ছিন্ন নন কারাবন্দিরাও। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ নেই তাদের। তবে তাদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ—সব মিলিয়ে কারাগারেও বইছে ঈদের আমেজ।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদের প্রথম থেকে টানা তিন দিন বন্দিদের জন্য বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিটি কারাগার বন্দিদের জন্য আলাদা আয়োজন করেছে। দর্শনার্থীদের জন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ফলে পরিবার থেকে দূরে থেকেও কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন কারাবন্দিরা।

কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ এশিয়া পোস্টকে জানান, ঈদের দিন সকাল ৮টায় দেশের সব কারাগারে বন্দিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সকালের নাস্তায় পরিবেশন করা হয় পায়েস, সেমাই ও মুড়ি।
সকাল ১০টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরের খাবারে রাখা হয়েছে পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিংকস ও পান-সুপারি। রাতের খাবারে থাকছে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।
ঈদের তিন দিনের মধ্যে যে কোনো এক দিন বন্দিরা পরিবারের পাঠানো খাবার খাওয়ার সুযোগ পাবেন। এক দিন পরিবারের সদস্যদের সঙ্গে সর্বোচ্চ পাঁচ মিনিট ‘আনডিউ’ কথা বলার সুযোগ দেওয়া হবে।
কারাগারে আসা দর্শনার্থীদের জন্য ফ্রি জুস কর্নার, চিপস ও চকলেটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে।