Image description

অর্থনীতিকে সঠিক জায়গায় এনে তারপর সমৃদ্ধির পথে যাত্রা করতে ‘একটু সময়ের প্রয়োজন’ মন্তব্য করে দেশবাসীর কাছে সেই সময় প্রার্থনা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার কোরবানি ঈদের সকালে চট্টগ্রামে নিজের বাড়ি সংলগ্ন মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “আমার যতটুকু জানা, এবার তো দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছু কমেছে কোরবানির ঈদ উপলক্ষে।

“আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি আমরা। বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে। খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না।”

সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে আমির খসরু বলেন, “মানুষ অর্থনীতির সুফল পেতে হবে। দ্রব্যমূল্য যদি তাদের আওতার বাইরে চলে যায় সেখান থেকে তারা বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে।

“একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তারপরে দেশের যে অর্থনীতি আমরা বিগত সরকারগুলো থেকে পেয়েছি। একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে যাব। এটার জন্য একটু সময় চাইতে আমি দেশবাসীর কাছে আবেদন করছি। একটু সময় দিতে হবে।”

অর্থমন্ত্রী বলেন, “একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনা, তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া সমৃদ্ধির পথে–একটু সময়ের প্রয়োজন। দেশের মানুষের কাছে আমাদের একটি আকুতি, একটি আবেদন, এই সময়টুকু আমাদের একটু দেন।

“আমরা নির্বাচিত সরকার আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের কল্যাণে একটা সরকার এটা। একটা কল্যাণকর রাষ্ট্রের প্রতি আমরা যাচ্ছি। দোয়া করবেন, সবাই মিলে আশা করি সেটা আমরা করতে পারব।”

নগরীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ পড়েন অর্থমন্ত্রী।

শীর্ষনিউজ