কার মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার (২৭ মে) রাতে রমনা থানায় মামলাটি করেছে মারা যাওয়া এক নবজাতকের পরিবার।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অবহেলাজনিত কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
পরিবারগুলো নবজাতকদের ময়নাতদন্ত করাতে চায়নি বলে তাদের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার (২৭ মে) সকাল ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আদ-দ্বীন হাসপাতালে এক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়।
আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করে এসি বিশেষজ্ঞ ও অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি মো. হাসমতুজ্জামান বলেন, যে ওয়ার্ডে নবজাতকদের মৃত্যু হয়েছে, সেখানকার এসি বিল্ডিং কোড মেনে বসানো হয়নি। তিনি বলেন, এই হাসপাতালে স্প্লিট এসি ব্যবহার করা হয়েছে, এটি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ। থাকার কথা ছিল সেন্ট্রাল এয়ারকন্ডিশন। স্প্লিট এসি ব্যবহার করা হয়েছে খরচ বাঁচানোর জন্য।
হাসমতুজ্জামান আরও বলেন, এসির গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে। এখানে স্প্লিট এসি রয়েছে। আমরা ধারণা করছি, স্প্লিট গ্যাস ভর্তি থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। এসির মেশিন পরীক্ষা করলে বোঝা যাবে ভেতরে গ্যাস ছিল কি না।
এদিকে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।