Image description

প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

জামালপুরের দেওয়ানগঞ্জে পশুর হাটে ক্ষিপ্ত মহিষের আক্রমণে আহত দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাটে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান (৫০) এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রুহুল আমীন (৪৫)।

স্থানীয়রা জানান, রবিবার সানন্দবাড়ী আকন্দপাড়া গ্রামের এক ব্যবসায়ী বিক্রির জন্য মহিষটি হাটে নিয়ে আসেন। হাটে পৌঁছানোর পর হঠাৎ মহিষটি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছোটাছুটি শুরু করে এবং আশপাশে থাকা লোকজনকে আক্রমণ করে।

এ সময় রুহুল আমীন ও মজিবুর রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রুহুল আমীনের মৃত্যু হয়। অন্যদিকে মজিবুর রহমান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) বিকেলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দেবাশীষ শাহা। তিনি বলেন, ‘রবিবার পশুর হাটে মহিষের আক্রমণে দুইজন গুরুতর আহত হন।
তাঁদের মধ্যে একজন রাতেই মারা যান। অপরজন সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’