Image description

কুরবানির ঈদ ঘনিয়ে এলে অনলাইনে গরু–ছাগলসহ কুরবানির পশু কেনাবেচা বেড়ে যায়। ফেসবুক, বিভিন্ন অ্যাপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে সহজেই পশু কেনার সুযোগ থাকায় অনেকেই ঘরে বসে কেনাকাটা করছেন। এতে যেমন সুবিধা রয়েছে, তেমনি প্রতারণার ঝুঁকিও আছে।

 

ছবি দেখে পছন্দ করা আর বাস্তবে পশুটি দেখা এক নয়—এ কারণে একটু অসতর্ক হলেই অসুস্থ বা নিম্নমানের পশু কেনার ঝুঁকি থাকে। তাই অনলাইনে পশু কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা।

শুধু ছবি দেখে সিদ্ধান্ত নয়

বিশেষজ্ঞদের মতে, অনলাইনে পশু কেনার সবচেয়ে বড় ভুল হলো কয়েকটি ছবি দেখেই সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় বিক্রেতারা সুবিধাজনক অ্যাঙ্গেলে ছবি তুলে পশুকে বেশি সুস্থ বা মোটাতাজা দেখান।

তাই চার দিক থেকে (সামনে, পেছনে, ডানে ও বামে) স্পষ্ট ছবি দেখা জরুরি। সম্ভব হলে ভিডিও কল বা সরাসরি খামারে গিয়ে পশুটি যাচাই করা উচিত।

যেসব লক্ষণ খেয়াল করবেন ছবিতে

পশুর পা ও খুর ভালোভাবে দেখুন—এক পায়ে ভার কম দিলে বা খুরে ক্ষত থাকলে সেটি সমস্যার ইঙ্গিত। নাক স্বাভাবিকভাবে আর্দ্র ও পরিষ্কার থাকা উচিত; শুকনো বা সর্দি থাকলে তা অসুস্থতার লক্ষণ হতে পারে।

 

 

চোখ উজ্জ্বল ও স্বাভাবিক থাকা, কান খাড়া ও সাড়া দেওয়া, লোম মসৃণ ও পরিষ্কার থাকা সুস্থতার লক্ষণ। পেট অস্বাভাবিক বড় বা ফুলে থাকলে তা এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এতে মাংসের পরিমাণ কম হতে পারে বা স্বাস্থ্য সমস্যা থাকতে পারে।

ভিডিওতে যাচাই আরও সহজ

ছবির চেয়ে ভিডিও বেশি তথ্য দেয়। পশুর নড়াচড়া, শ্বাস-প্রশ্বাস, আচরণ—সবই ভালোভাবে বোঝা যায়। সুস্থ পশু সাধারণত প্রাণবন্ত থাকে এবং স্বাভাবিকভাবে নড়াচড়া করে।

অস্বাভাবিকভাবে নিস্তেজ থাকা, দ্রুত বা অস্বাভাবিক শ্বাস নেওয়া কিংবা শরীর ফোলা দেখালে সেটি সন্দেহজনক হতে পারে।

বয়স যাচাইয়ের উপায়

অনলাইনে পশুর বয়স বোঝা কঠিন হলেও দাঁতের ছবি দেখে ধারণা পাওয়া যায়। সাধারণত দুইটি স্থায়ী সামনের দাঁত থাকলে পশুটির বয়স দুই বছরের বেশি হয়, যা কুরবানির জন্য উপযুক্ত হিসেবে ধরা হয়।

ডেলিভারির সময় সতর্কতা

পশু ডেলিভারির সময় প্রতারণা এড়াতে আগে থেকেই পশুর রং, আকার, দাগ বা বিশেষ চিহ্ন নোট করে রাখা উচিত। এসব মিলিয়ে দেখে নিশ্চিত হতে হবে যে, পছন্দের পশুটিই সরবরাহ করা হচ্ছে।

সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা

বিশেষজ্ঞদের মতে, অনলাইনে কুরবানির পশু কেনা সহজ হলেও যাচাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই ছবি বা ভিডিও দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে যাচাই–বাছাই করে, প্রয়োজনে সরাসরি দেখে তবেই কেনা উচিত।