Image description

বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮শে মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৮শে মে সারা দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্যদিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

কোরবানির ঈদ উপলক্ষে এবার ২৫ মে থেকে ৩১শে মে পর্যন্ত সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৭শে মে সে দেশে কোরবানির ঈদ উদ্‌যাপন হবে, তার আগের দিন ২৬শে মে হবে হজের মূল আনুষ্ঠানিকতা।