Image description

রাজধানীর মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিং এলাকায় বৈদ্যুতিক খুঁটির গোড়া থেকে মানুষের মাথার খুলিসহ কঙ্কালের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

 

আবাসিক এলাকার ভেতরে মানুষের কঙ্কাল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে।

 

সোমবার (১৮ মে) বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে যেকোনো সময়ে মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর রোডের ব্লক-সি এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরের পর কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর রোডের সি-ব্লকের ৭ নম্বর বাড়ির সামনে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ায় মানুষের হাড়গোড় সদৃশ বস্তু দেখতে পান পথচারীরা। পরে বিকেল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সরকার জানান, উদ্ধার করা মানব কঙ্কালের অংশগুলো প্রাথমিকভাবে সংরক্ষণ করা হয়েছে। এটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

তিনি আরও জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

 

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালের অংশগুলো ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। কঙ্কালটি পুরুষ না নারীর এবং এটি কত দিন আগের, তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।