Image description

চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীকে ক্ষুর দিয়ে কুপিয়ে ও হামলার ঘটনায় চার জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৮ মে) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘হামলার ঘটনায় আহত শাখাওয়াত হোসেন জিহানের বাবা মো. আলমগীর রবিবার রাতে বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়।’

আটককৃতরা হলো- করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের সালামত উল্যাহর ছেলে সাজিদ হোসেন রাফি (১৭), একই ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে নওশীন ইসলাম রামীম (১৭), মো. আলমের ছেলে মোশারফ হোসেন (১৭) ও হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুফলা গ্রামের মাহবুব আলমের ছেলে মুক্তাদুল ইসলাম মাহিদ (১৭)। তারা উপজেলার করেরহাট কামেনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান এবং মুনায়েমকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করেন একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী। উত্তরপত্র না দোখানোয় পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলের ১০/১২ জন পরীক্ষার্থী জিহান এবং মুনায়েমের ওপর হামলা করে। ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে সহপাঠীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।

ওসি আব্দুল হালিম বলেন, ‘রবিবার এসএসসি পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চার কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের আটকের অভিযান চলছে।’

 

খোঁজ নিয়ে জানা যায়, বারইয়ারহাট কলেজ থেকে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে দুই পরীক্ষার্থীকে ক্ষুর দিয়ে কুপিয়ে জখম করে আসামিরা। এতে আহত হন শাখাওয়াত হোসেন জিহান ও মুহাম্মদ মুনায়েম। জিহানের শরীরে ১৯ সেলাই ও মুনায়েমের শরীরের ৩২টি সেলাই দেওয়া হয়েছে। তারা বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।