Image description

বরগুনার তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে। জমি দখলের প্রক্রিয়ায় তার স্বশরীরে উপস্থিত থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

 

সোমবার ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ওসি সাইদুল ইসলাম পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে চেয়ার নিয়ে বসে আছেন। তার উপস্থিতিতেই স্থানীয়রা জমি পরিমাপ করে সীমানা পিলার স্থাপন করছেন এবং ব্যবসায়ী ইব্রাহীম ফরাজীকে জমি বুঝিয়ে দিচ্ছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা শহরের মালিপাড়া স্লুইসগেট এলাকায় পাউবোর জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন মো. ইউসুফের পরিবার। সম্প্রতি ব্যবসায়ী ইব্রাহীম ফরাজী ওই বসতবাড়ির সামনের ১ শতাংশ জমির মালিকানা দাবি করেন। তবে উভয় পক্ষের কাছেই পাউবোর কোনো বৈধ কাগজপত্র নেই। বিরোধ মেটাতে শুক্রবার থানায় সালিশ বৈঠক হয়। অভিযোগ রয়েছে, সালিশের পর ওসি নিজেই পুলিশ নিয়ে জমি পরিমাপ করে ইব্রাহীম ফরাজীকে দখল বুঝিয়ে দেন।

 

ভুক্তভোগী ইউসুফ খান অভিযোগ করেন, সালিশ বৈঠকে তাকে জোরপূর্বক একটি কাগজে স্বাক্ষর করানো হয় এবং অস্বীকৃতি জানালে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, বাণিজ্যিকভাবে এই জমি গুরুত্বপূর্ণ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সরকারি জমি গোপনে একটি চক্রের দখলে দেওয়া হয়েছে বলে তাদের সন্দেহ।

 

এ বিষয়ে ইব্রাহীম ফরাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

আমতলী উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম ইছহাক বাচ্চু বলেন, আদালতের নির্দেশ ছাড়া কোনো সম্পত্তির মালিকানা বা দখল বুঝিয়ে দেওয়ার এখতিয়ার পুলিশের নেই। তারা কেবল আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে পারে।

 

অভিযোগের বিষয়ে ওসি মো. সাইদুল ইসলাম বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসা করেছি। পরে তারা সরেজমিনে দেখতে ঘটনাস্থলে গিয়েছি।

 

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, ওই জমির বিষয়ে পুলিশ আমাদের কিছু জানায়নি। জমি উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।