Image description

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরপরই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় বিজেপি। পূর্ব ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে রাজ্যজুড়ে ধরপাকড় শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার।

 

অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে কলকাতা থেকে ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার বাংলাদেশিরা হলেন সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সরদার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সরদার, জাহারা বিবি, আনোয়ারা বিবি ও সুমি বিবি।

 

গতকাল রোববার কলকাতা বিমানবন্দরের নিকটবর্তী নিমতা এলাকা থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের বাংলাদেশি পরিচয় স্বীকার করেন দাবি করেছে কলকাতার নিমতা থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে জাল পরিচয়পত্র তৈরির অভিযোগ আনা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

পুলিশ জানায়, রোববার নিমতা থানার গোলবাগান এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে পুলিশ। নিমতার ফতুল্লাপুর এলাকায় একাধিক বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে থাকার তথ্য জানান তিনি।

 

এদিন গভীর রাতে ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শাহিদুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, টাকার বিনিময়ে শাহিদুল তাদের আশ্রয় দিয়েছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

 

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দালালদের টাকা দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে তারা শাহিদুল ইসলামের ফতুল্লাপুরের বাড়িতে থাকছিলেন।

 

অভিযানে তাদের কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড ও জন্মসনদ। এ ছাড়াও বাংলাদেশে কোভিড টিকাদানের সনদও উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, অবৈধ চক্র ও কীভাবে এই নথিগুলো সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখতে গ্রেপ্তারকৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।