Image description

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব ও মহাকাশ গবেষণার তথ্যের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত–এ আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি–র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ৫৮ মিনিট পর্যন্ত চাঁদটি দিগন্তের ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই রাতেই খালি চোখে চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সে হিসাবে সম্ভাব্য সময়সূচি হতে পারে—১৮ মে, সোমবার জিলহজ মাসের শুরু; ২৬ মে, মঙ্গলবার (জিলহজের ৯ তারিখ) আরাফা দিবস এবং ২৭ মে, বুধবার (জিলহজের ১০ তারিখ) ঈদুল আজহা।

জ্যোতির্বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, এসব তারিখ সম্পূর্ণ বৈজ্ঞানিক ও গাণিতিক হিসাবের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। তবে ইসলামি বিধান অনুযায়ী জিলহজ মাসের চাঁদ সরাসরি দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বরাবরের মতো সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখে ঈদের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।

উল্লেখ্য, ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগের মহিমায় ভাস্বর। সম্ভাব্য তারিখ প্রকাশের ফলে প্রবাসী বাংলাদেশি ও দেশটির নাগরিকেরা আগেভাগেই ঈদের প্রস্তুতি ও ছুটির পরিকল্পনা করতে পারবেন।