Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, সরকার জনহিতকর পদক্ষেপ নিলে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন ও সহযোগিতা করবে, তবে জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না এলে পরিণতি ভাল হবে না। তিনি অভিযোগ করেন, বর্তমানে জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ চলছে। ঈদে যাতায়াতের অতিরিক্ত ভাড়া ফেরতের সরকারি ঘোষণার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ঢাকা ছেড়ে যাওয়া লাখ লাখ মানুষকে খুঁজে বের করে কীভাবে এই টাকা ফেরত দেওয়া সম্ভব? এটি বাস্তবে কার্যকর করা অত্যন্ত কঠিন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে অনিয়ম থাকলেও দেশ অচল হওয়ার আশঙ্কায় তা মেনে নেওয়া হয়েছে। কিন্তু সরকার যদি সঠিক ধারায় না ফেরে, তবে দেশের মানুষ এবং বিশেষ করে ‘জুলাই যোদ্ধারা’ তাদের কখনোই ক্ষমা করবে না।

বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবন প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান যে, ব্যক্তিগত প্রয়োজনে তিনি সেই বাড়িতে থাকবেন না। ভবনটি কেবল রাষ্ট্রীয় কাজে এবং বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য ব্যবহৃত হবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারে থেকে চাঁদাবাজি করার প্রয়োজন পড়ে না। জনগণের প্রত্যাশা হলো বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি বা মানুষের ওপর জুলুম হবে না। সরকার জনহিতকর পদক্ষেপ নিলে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন ও সহযোগিতা করবে, তবে জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমীর জাকির আহমেদ, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক সহস্রাধিক মানুষ এতে অংশ নেন এবং আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

শীর্ষনিউজ