Image description

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে বাংলাদেশি ক্রিকেটারদের আর কোনো বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের অনুমোদন পাওয়ার পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

 

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করা হয়েছে। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও সমন্বয় করে বোর্ড নিশ্চিত হয়েছে যে, বর্তমানে পাকিস্তানে অংশগ্রহণকারী ক্রিকেটারদের জন্য উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

 

সবুজ সংকেত পাওয়ার পরই কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। তরুণ পেসার নাহিদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রাপথের একটি ছবি শেয়ার করেন, যেখানে মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনকে দেখা যায়।

 

এবারের পিএসএলে অংশ নিতে বিসিবি ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তারা হলেন—মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) এবং রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)।

 

 

২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এদিকে একই সময়ে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে। ফলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ভিন্ন সূচিতে খেলতে হবে।

 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব হিসেবে জ্বালানি সংকটের কারণে এবারের পিএসএলের কিছু ম্যাচ দর্শকশূন্য ভেন্যুতেও আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।