Image description

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে মন্ত্রণালয়গুলোকে আলাদা করে বিভক্ত করা হচ্ছে। ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ চলছে। সরকারকে কীভাবে আষ্টে-পৃষ্ঠে জবাবদিহিতার সামনে উপস্থাপন করতে হয় এর সকল পলিসি উপযুক্তভাবে সবার সামনে হাজির করব।

 

সোমবার (২৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হাওরের জলাবদ্ধতা নিয়ে শিশির মনির বলেন, বৃষ্টির পানিতে দিরাই-শাল্লায় ১২-১২টি হাওরের হাজার হাজার একর জমি পানিতে তলিয়ে গেছে। অপরিকল্পিত পিআইসির বাঁধ দিয়ে হাওরগুলোকে দুর্বিষহভাবে বিনষ্ট করা হয়েছে। এখন থেকে সুনির্দিষ্টভাবে পলিসি পরিবর্তন না করলে মাত্র বাঁধ দিয়ে হাওর রক্ষা করা যাবে না। অল্প বৃষ্টিতে নদী, খাল-বিল পানিতে ভরে যায়। এজন্য নদী, নানা, খাল-বিল খনন করতে হবে।

 

তিনি আরও বলেন, নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে আমরা বিজয়ী না হতে পারলেও আমাদের দায়িত্ব হল, সরকারি সব তথ্য জনগণের কাছে এমনভাবে উপস্থাপন করা যাতে কেউ চাইলেও ফাঁকি দিতে না পারে। যা কিছু আছে পাবলিকলি প্রচার করতে হবে। যেন মানুষ দুর্নীতি থেকে বের হতে বাধ্য হয়। আমরা সংসদের ভেতরে ও সংসদের বাহিরে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা পালন করতে চাই। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা যদি কার্যকর ভূমিকা পালন করতে পারি তাহলে সরকার জবাবদিহিতার বাইরে বেশিক্ষণ ঠিকে থাকতে পারবে না।

পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. শামস উদ্দিন, মোমতাজুল হাসান আবেদ।

 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমির মাও. আজিজুল হক মাসুক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জামায়াত নেতা অ্যাড. হেলাল উদ্দিন, জসীম উদ্দিন প্রমুখ।