Image description

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর। তাঁর এই মন্তব্য ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) তাঁর বক্তব্যের সমালোচনা করে একে ‘দেশবিরোধী’ ও ‘জাতীয় স্বার্থবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। তবে বিতর্কের মুখে রাঠোর দাবি করেছেন, তাঁর বক্তব্যের অংশবিশেষ কেটে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

জয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মদন রাঠোর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে দাঁড়াবে। তবে ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ দেখা দিলে ভারত নিজের দেশের পক্ষেই থাকবে।

রাঠোর বলেন, ‘আমাদের সবাইকে এটি বুঝতে হবে। যখন ভারতের বিষয় আসে...আজ যদি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তবে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব, কারণ সে আমাদের প্রতিবেশী। তবে বিতর্ক যদি আমাদের নিজেদের মধ্যে হয়, তবে আমরা আমাদের ভারতের পাশে দাঁড়াব।’

তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) তাঁর বক্তব্যের সমালোচনা করে বিজেপির জাতীয়তাবাদী অবস্থান নিয়েও প্রশ্ন তোলে।

কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাঠোরের বক্তব্যের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা ফের সামনে এসেছে, যারা আমাদের সৈনিক ও সাধারণ মানুষদের হত্যা করে। রাজস্থান বিজেপি সভাপতি বলছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পাশে আছেন। এই দেশবিরোধী নেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আমরা জানতে চাই।’

অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিও বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কেন্দ্রীয় সরকারকে প্রশ্নের মুখে ফেলে। দলটির পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষ কোনো বিষয়ে প্রশ্ন তুললে তাঁদের পাকিস্তানি বলা হয়, আবার তরুণেরা প্রতিবাদ করলে তাঁদের জঙ্গি আখ্যা দেওয়া হয়। কিন্তু বিজেপির একজন নেতা যখন পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদ কোথায় থাকে, সেই প্রশ্নও তোলে দলটি।

বিরোধীদের সমালোচনা ও বিতর্কের মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মদন রাঠোর। তাঁর দাবি, বক্তব্যের প্রকৃত অর্থ তুলে না ধরে একটি অংশ কেটে নিয়ে ভুলভাবে প্রচার করা হচ্ছে। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ও দেশপ্রেমের প্রসঙ্গ বোঝাতে গিয়ে তিনি ওই মন্তব্য করেছিলেন বলেও জানান।

রাঠোর বলেন, ‘আমার বক্তব্যের শেষ দুটি লাইন কেটে বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। আমি স্পষ্ট বলেছিলাম, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভারত হেরে গেলে যারা বাজি ফাটায়, তারা দেশপ্রেমিক নয়। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সমীকরণের বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে বলা হয়েছিল।’

বিজেপির এই রাজ্য সভাপতি আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে বক্তব্যের ভিডিও ক্লিপ প্রচার করছে। তবে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস ও আম আদমি পার্টির সমালোচনা এবং বিজেপির জাতীয়তাবাদী অবস্থান নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।