Image description

পাকিস্তানের আকাশসীমায় অনিচ্ছাকৃতভাবে প্রবেশের ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অমৃতসরে অবতরণের অপেক্ষায় থাকা অবস্থায় উড়োজাহাজটি সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, ২২ জুন রাতে দিল্লি থেকে অমৃতসরগামী এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি অমৃতসরের কাছে পৌঁছালে রানওয়েতে পাখির আঘাতের ঘটনার পর পরিদর্শনের কারণে সেটিকে আকাশে অপেক্ষা করতে বলা হয়।

এ সময় অবতরণের প্রস্তুতি নিতে গিয়ে রাত ১০টা ৮ মিনিটে উড়োজাহাজটি অনিচ্ছাকৃতভাবে অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে।

ডিজিসিএ জানায়, বিষয়টি পাকিস্তানের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এটিসি) সঙ্গে সমন্বয় করা হয়। পরে বিমানটি দিল্লিতে ফিরে নিরাপদে অবতরণ করে।

ঘটনাটি যথাসময়ে জানানো হয়নি। এ কারণে সংশ্লিষ্ট ফ্লাইট ক্রু এবং অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বছরের এপ্রিলে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা বাড়ার পর পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। পরে সেই উত্তেজনা চার দিনের সামরিক সংঘাতে গড়ায়।

এয়ার ইন্ডিয়াও ঘটনাটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অমৃতসর বিমানবন্দরে ‘গো-অ্যারাউন্ড’ করার সময় এআই৪৭৯ ফ্লাইটটি সামান্য সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রায় তিন মাইল প্রবেশ করেছিল।

বিমানবন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই দিন বিকেলে একটি ইন্ডিগো ফ্লাইট অমৃতসরে অবতরণের পর পাখির আঘাতের শিকার হয়। এরপর পরবর্তীতে আসা পাঁচটি ফ্লাইটকে আকাশে অপেক্ষা করতে বলা হয়। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ছিল অবতরণের অপেক্ষায় থাকা চতুর্থ উড়োজাহাজ।

কর্মকর্তারা জানান, ঘটনাটি এমন সময়ে ঘটে, যখন অমৃতসর বিমানবন্দরে অ্যাপ্রোচ সার্ভেইলেন্স সেবা চালু ছিল না।

পরে উড়োজাহাজটি আবার অবতরণের চেষ্টা করলেও জ্বালানি কমে যাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর সেটিকে দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয়।

রাত ১১টা ২৭ মিনিটে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। পরে সেটিকে আবার অমৃতসরের উদ্দেশে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে ফ্লাইটটি।