দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর সাধারণ নিয়মে দ্রুত বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু তা না করে তিনি প্রায় ৪৫ মিনিট বিমানবন্দরের ভেতরেই অবস্থান করেন।
ইন্ডিয়া টুডে বলছে, সরকারি তথ্য অনুযায়ী, রবিবার (২১ জুন) দুপুর প্রায় ১টা ১৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে পৌঁছান মোদি। সাধারণত বিমানবন্দর থেকে সরাসরি বাসভবনে চলে যান তিনি। কিন্তু এর পরিবর্তে আজ মোদি বিমানবন্দরেই অবস্থান করার সিদ্ধান্ত নেন।
কর্মকর্তারা জানান, রাজধানী দিল্লিতে ওই সময়ে হাজারো পরীক্ষার্থী নিজ নিজ কেন্দ্রের পথে থাকায় যান চলাচল স্বাভাবিক রাখা প্রয়োজন ছিল। আর সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সাধারণত নির্দিষ্ট রুটে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ও সাময়িক বিধিনিষেধ আরোপ করতে হয়।
প্রসঙ্গত, নিট-ইউজির আগের পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর তা বাতিল করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভারতজুড়ে নিট-ইউজি পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভারতের ৫ হাজার ৪৪০টি এবং বিদেশের ১৪টি কেন্দ্রে মোট ২২ লাখের বেশি পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার ১ লাখ ৩৮ হাজার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ৯৫ হাজারের বেশি কক্ষ পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থাও চালু করা হয়েছিল। ইলেকট্রনিক জালিয়াতি ঠেকাতে স্থাপন করা হয় ৫১ হাজারের বেশি সিগন্যাল জ্যামার।
মূলত নিট-ইউজি হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ ভর্তি পরীক্ষা। স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয় এই পরীক্ষাটি।