যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানকে অবশ্যই লেবাননে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বন্ধ করতে হবে, না হয় যুক্তরাষ্ট্র আবারও কঠোর সামরিক পদক্ষেপ নেবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানকে অবিলম্বে লেবাননে তাদের মোটা অঙ্কের অর্থপুষ্ট প্রক্সি বাহিনীগুলোকে (বিশেষ করে হিজবুল্লাহ) বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘যদি তারা তা না করে, তাহলে আমরা গত সপ্তাহে যেমন আঘাত হেনেছিলাম, তার চেয়েও আরও কঠোরভাবে ইরানের ওপর হামলা চালাব।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনার পাশাপাশি লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহকে ঘিরে উত্তেজনা কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলছে।
এর আগে চলতি মাসের শুরুতে এক ফোনালাপে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে ‘পুরো পাগল’ বলে আখ্যা দেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বৈরুতে হামলা না করার নির্দেশ দেন।