লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি সম্প্রদায়ের একটি স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স সংস্থার চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (২২ মার্চ) রাতে সংঘটিত এই ঘটনাকে পরিকল্পিত ‘ইহুদিবিদ্বেষী ঘৃণ্য অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে ব্রিটিশ পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
রোববার রাত ১টা ৪৫ মিনিটে গোল্ডার্স গ্রিনের হাইফিল্ড রোডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজন সন্দেহভাজন ব্যক্তি একটি অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত এলাকা ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সগুলো দাউ দাউ করে জ্বলছে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুনের তীব্রতায় অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাশের একটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪০ জন কর্মী এবং ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ সুপারিনটেনডেন্ট সারাহ জ্যাকসন এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমরা সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করছি এবং তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি।
ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সগুলো হাতজোলা নর্থওয়েস্ট নামক একটি সংস্থার, যারা স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। স্থানীয় নেইবারহুড ওয়াচ গ্রুপ ‘শমরিম’ নিশ্চিত করেছে, বিস্ফোরণগুলো মূলত অক্সিজেন ট্যাংকের ছিল, কোনো নাশকতামূলক বোমা নয়।