ভারতের বিমানবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ও ইসলামাবাদে তথ্য পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে আসামের বিমানবাহিনী স্টেশন সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার সুমিত কুমার (৩৬) বিমানবাহিনীতে কাজ করলেও আসাম স্টেশনে তিনি বেসামরিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
রাজস্থান গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আসামের একটি ভারতীয় বিমানবাহিনী স্টেশনে কর্মরত একজন বেসামরিক কর্মচারীকে পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার জানান, রাজস্থান গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী গোয়েন্দা সংস্থার একটি যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত জানুয়ারিতে জয়সলমীর থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের মাধ্যমে এ তদন্ত শুরু হয়েছিল। এর সূত্র ধরেই সুমিত নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত সুমিত স্বীকার করেছেন যে তিনি ২০২৩ সাল থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং টাকার বিনিময়ে গোপন তথ্য সরবরাহ করছিলেন।
পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরের একটি কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আনা হয়েছে, যেখানে একাধিক সংস্থা তাকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে।