Image description

ঈদ, বিয়ে বা নানা উৎসবের সাজে মেহেদির ব্যবহার অনেক পুরোনো ঐতিহ্য। তবে আকর্ষণীয় রঙের জন্য ব্যবহৃত কিছু মেহেদি ত্বকের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মেহেদি লাগানোর পর তীব্র জ্বালা, লালচে ফুসকুড়ি বা ফোসকা পড়া স্বাভাবিক নয়; এগুলো অ্যালার্জির লক্ষণ হতে পারে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, অনেক বাজারজাত মেহেদিতে রঙ গাঢ় করতে ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়। বিশেষ করে ‘ব্ল্যাক হেনা’তে ব্যবহৃত প্যারাফেনাইলেন ডায়ামিন (পিপিডি) ত্বকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া কিছু পণ্যে কেরোসিন, বেঞ্জিন ও বিভিন্ন ভারী ধাতুও থাকতে পারে, যা ত্বকে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম।

মেহেদি ব্যবহারের পর জ্বালা করলে কী করবেন

  • দ্রুত ঠান্ডা পানি ও হালকা সাবান দিয়ে মেহেদি ধুয়ে ফেলুন
  • ত্বকে ময়েশ্চারাইজার বা ইমোলিয়েন্ট ব্যবহার করুন
  • ঠান্ডা কাপড় বা কুল কমপ্রেস ব্যবহার করা যেতে পারে
  • সমস্যা বাড়লে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন

নিরাপদ মেহেদি চেনার উপায়

বিশেষজ্ঞরা জানান, প্রাকৃতিক মেহেদির রং সাধারণত সবুজাভ-বাদামি হয় এবং এতে ঘাস বা মাটির মতো গন্ধ থাকে। এটি প্রথমে হালকা কমলা রঙ দেয়, পরে ধীরে ধীরে গাঢ় লালচে-বাদামি হয়ে ওঠে। অন্যদিকে রাসায়নিকযুক্ত ব্ল্যাক হেনা সাধারণত খুব কালো হয় এবং লাগানোর সঙ্গে সঙ্গেই গাঢ় দাগ ফেলে। এর গন্ধও অনেক সময় তীব্র রাসায়নিকের মতো হয়।

তাই মেহেদি কেনার আগে উপাদান তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে পিপিডি বা ক্ষতিকর রাসায়নিক রয়েছে এমন পণ্য এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস