Image description

সোমবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গায়েব হয়ে যায় বলিউড তারকা সালমান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। অভিনেতার প্রোফাইলে ঢুকতে গেলেই দেখা যাচ্ছিল, ‘সরি দিজ পেজ ইজ নট অ্যাভেলেবল’ বার্তা।

বিষয়টি ঘিরে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। এমনটাই খবর এনডিটিভি, পিংকভিলা, ইন্ডিয়া টুডের। 

 

তবে সেই উৎকণ্ঠা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু সময় পর আবারও সক্রিয় হয়ে ওঠে সালমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

এতে স্বস্তি ফেরে অনুরাগীদের মাঝে। 

 

যদিও অ্যাকাউন্ট সাময়িকভাবে অদৃশ্য হওয়ার কারণ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেতা।

এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সম্প্রতি হাসপাতালের সামনে পাপারাজ্জিদের সঙ্গে হওয়া উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারে।

যদিও বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

 

সম্প্রতি হিন্দুজা হাসপাতালের সামনে আলোকচিত্রীদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান। অভিযোগ, হাসপাতালে অবস্থানকালে কিছু পাপারাজ্জি তাকে ঘিরে ধরেন এবং আপত্তি সত্ত্বেও অনুসরণ করতে থাকেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আচরণকে ‘অসংবেদনশীল’ বলে মন্তব্য করেন অভিনেতা।

গত ২০ মে রাতের দিকে দেওয়া একাধিক পোস্টে সালমান জানান, তিনি সব সময় সংবাদমাধ্যমের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের পেশাগত বাস্তবতাকেও সম্মান করেন।

তবে কারো ব্যক্তিগত সংকট বা দুঃসময়কে কনটেন্টে পরিণত করার প্রবণতাকে তিনি সমর্থন করেন না।

 

পাপারাজ্জিদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এমন পরিস্থিতিতে আমি সব সীমা অতিক্রম করতে পারি। পরেরবার কারো দুঃখ নিয়ে আমার সঙ্গে এটা করার চেষ্টা করো না। যখন তোমাদের পরিবারের কেউ হাসপাতালে থাকবেন তখন আমি এভাবে আচরণ করব?’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতেও দেখা যায়, হাসপাতালের বাইরে আলোকচিত্রীদের চুপ থাকতে বলছেন সালমান। 

পাশাপাশি প্রশ্ন তুলছেন, তাদের পরিবারের কেউ হাসপাতালে থাকলে এমন আচরণ করতেন কি না। পরে কয়েকজন আলোকচিত্রী অভিনেতার কাছে ক্ষমাও চান।