Image description

শহীদ শরিফ ওসমান হাদির ঘাতকদের দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদে ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি ভাষণ দেবেন। আমরা কোনো ব্যক্তির ভাষণ শুনতে সংসদে যাচ্ছি না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও সংস্কার আদায়ের জন্য যাব।

মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী টিচার্স ট্রেইনিং কলেজ মাঠে এনসিপি রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে। এ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি– সেদিন ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার বলতে চাই– ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে। কবে উচ্চকক্ষ গঠন করা হবে, সেটিই আমাদের মূল দেখার বিষয়।’

তিনি বলেন, ‘আমরা শুনেছি– হাদি ভাইয়ের হত্যাকারীরা ভারতে গ্রেপ্তার হয়েছে। দ্রুত তাদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু প্রত্যক্ষ খুনি নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’

আজ উদ্বোধন করা সরকারের ফ্যামিলি কার্ডের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছে, এজন্য ধন্যবাদ। তবে দুর্নীতি ও ঋণখেলাপিদের দৌরাত্ম্য বন্ধ না হলে এই উদ্যোগ সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। দ্রুত ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে।’

ইফতারে বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার, তাহসিন রিয়াজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

আমন্ত্রণে অংশ নেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিন প্রমুখ।