Image description

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় দি রোজ ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন স্থানীয় সাবেক যুবদল নেতা রনি ব্যাপারী। এরপর থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চান তাঁতী দল নেতা বকুল ভূঁইয়া ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা রনি ভূঁইয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার সংঘর্ষ হয়েছে। বিএনপি সরকার গঠনের পর আবার দখল নিতে চেষ্টা করেন বকুল ভূঁইয়া ও তার ছেলে। বৃহস্পতিবার দুপুরে দখলে নিতে গেলে রনি ব্যাপারীর লোকজনের সঙ্গে বকুল ভূঁইয়ার লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের পাঁচ জন আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে রনি ব্যাপারী বলেন, ‘তাঁতী দল নেতা বকুল ভূঁইয়া ও তার ছেলে সাবেক ছাত্রদল নেতা রনি ভূঁইয়া আমার ব্যবসা দখলে নিতে চাচ্ছেন। এ নিয়ে সংঘর্ষ হয়েছে।’ তবে বকুল ভূঁইয়া ও রনি ভূঁইয়া বলছেন, এ ঘটনার জন্য রনি ব্যাপারী দায়ী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।’