পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় রাজনীতিতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন দেখা দিয়েছে। বিএনপির আসন সমঝোতার প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাই এই পরিস্থিতির মূল কারণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। গত ১৮ দিনের ব্যবধানে একাধিক কমিটি বিলুপ্ত, নেতাদের বহিষ্কার এবং নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার ঘটনায় পুরো নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দশমিনা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ও যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খানকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং সদস্য মোস্তাফিজুর রহমানকেও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি গলাচিপা উপজেলা ও পৌর এবং দশমিনা উপজেলা যুবদলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি বহিষ্কৃত এনামুল হক জোটপ্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি দশমিনা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ দেন। এ ছাড়া বহিষ্কৃত কয়েকজন নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এর আগে সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি দুটিও বিলুপ্ত করা হয়েছিল।
দলীয় সূত্রে আরও জানা গেছে, বিলুপ্ত কমিটির একাধিক নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে হাসান মামুনের পক্ষে শপথ গ্রহণের পাশাপাশি নুরুল হক নুরের বিরুদ্ধে অবস্থান নেন।
অন্যদিকে, নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া কয়েকজন নেতাকে জেলা যুবদলের সাবেক নেতা মো. শিপলু খানের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করছেন স্থানীয় নেতাকর্মীরা। শিপলু খান শুরু থেকেই নুরুল হক নুরকে সমর্থন দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
নতুন কমিটি অনুযায়ী, গলাচিপা উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন গোলাম মোস্তফা এবং দশমিনা উপজেলা বিএনপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন সিদ্দিক আহমেদ মোল্লা। এ ছাড়া গলাচিপা পৌর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন রাকিবুল ইসলাম খান। নবগঠিত এসব কমিটির নেতারা বর্তমানে নুরুল হক নুরের ট্রাক প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি দশমিনা উপজেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক শাহ আলমসহ কয়েকজন নেতা প্রকাশ্যে হাসান মামুনের পক্ষে শপথ নেন। ১৭ জানুয়ারি কমিটি বিলুপ্ত হওয়ার পর শাহ আলম ঢাকায় গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি এলাকায় ফিরে এসে ২৫ জানুয়ারি দশমিনার আলিপুরা বাজারে নুরুল হক নুরের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তাঁর প্রতি সমর্থন জানান। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাঁকে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।