Image description
বিভিন্ন স্থানে নির্বাচনি সহিংসতা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর ১০ জনকে হাতুড়িপেটা করেছে বিএনপির প্রার্থীর সমর্থকরা। কুষ্টিয়ার খোকসায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত হয়েছে ছয়জন। নাটোরের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা হয়েছে। মৌলভীবাজারে জামায়াত কর্মীর খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা, নির্বাচনি কার্যালয়ে তালা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ১০ জনকে হাতুড়িপেটা করা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কালীরবাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কর্মী-সমর্থক নিয়ে কালীরবাজারে গণসংযোগে যান কলস প্রতীকের প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকরা মিল্টন বৈদ্যর ওপর হামলা চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মীকে হাতুড়িপেটা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।

হামলার অভিযোগ অস্বীকার করে জাহান্দার আলী মিয়া জানান, ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে প্রতিরোধ করে তার সমর্থকরা। তবে, ঘটেনি কোনো মারামারির ঘটনা। আমার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন।

কুষ্টিয়া ও কুমারখালী : খোকসায় জামায়াতের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজারে এ ঘটনা ঘটে। জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীরা আব্দুর রহমান নামক ব্যক্তির বাড়িতে ভোট চাইতে গেলে বিএনপির কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ৭টায় মাসিলিয়া বাজারে জামায়াতকর্মী ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি ও জামায়াতের ছয়জন আহত হন। তাদের খোকসা ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংড়া (নাটোর) : সিংড়ায় ধানের শীষের প্রার্থীর কর্মীদের ওপরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের চাঁদপুর তিনমাথা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ধানের শীষের গণজোয়ার ঠেকাতে এ আসনের স্বতন্ত্র প্রার্থী দল থেকে বহিষ্কৃত হয়ে সিংড়াতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, পূর্বের বিরোধে এ হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। তবে এটা অন্যায় হয়েছে। তার কর্মী ও সমর্থকদেরও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মৌলভীবাজার : মঙ্গলবার শবেবরাতের রাতে নামাজ শেষে নিজের গবাদি পশুর খামারে ফিরছিলেন ওসমান গণি। পথে তার নিকটাত্মীয় তাকে মোবাইল ফোনে জানান, আগুনে জ্বলে যাচ্ছে তার খামার। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন মুহূর্তেই সব ছাই হয়ে গেছে। এমন দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর জামায়াতকর্মী কৃষক ওসমান গণির খামারে আগুনের ঘটনা স্বাভাবিক নয় বলে দাবি স্থানীয়দের। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুরে হাওড় পাড়ে ঘটে এ ঘটনা।

ওসমান গণির দাবি, তার খামারে ৫০টি গরু, ৫০০ হাঁস ও ১০টি ভেড়া ছিল। ৭টি গরু পুড়ে মারা গেছে। আগুনে ঝলসে আহত অবস্থায় আশপাশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ১০টি। বাকি ৩৩টি গরু ও ভেড়ার খোঁজ মেলেনি এখনো। হাঁসগুলোও সব পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

বাগেরহাট : বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনি প্রচারে বাধা, অফিসে তালা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। বুধবার বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম এ অভিযোগ করেন। এ সময়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুলসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।