বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন। তাদের দাবি, কার্যালয় থেকে কিছুটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। পরে সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন। তাদের পরিচয় জানা যায়নি। আগুনে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যেতে দেখা যায়।
বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা-পুলিশ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় কার্যালয়ের ভেতরে আগুন লাগার বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই আগুনের ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।