Image description

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ/এ-এক্সএক্স’ পুরোপুরি প্রস্তুত হওয়ার অপেক্ষা না করেই নির্ধারিত সময়ের আগেই চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান বা ড্রোন সামনে আনছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর বহরে থাকা বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর সঙ্গেই এই অত্যাধুনিক ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন সিনেটের এক শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি এই পরিকল্পনার কথা প্রকাশ করেন।

তুলনামূলক কম খরচের এই চালকবিহীন যুদ্ধবিমানগুলো বিমানবাহী রণতরীর আক্রমণক্ষমতা ও পরিধি বহুগুণ বাড়িয়ে দেবে এবং পাইলটচালিত বিমানের পাশাপাশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ লড়াইয়ে অংশ নেবে। ২০২৫ সালে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে এই ড্রোনের নকশা তৈরিতে যুক্ত করা হয়েছিল। রণতরীর জন্য আগে পরিকল্পিত ‘এমকিউ-২৫ স্টিংরে’ ড্রোনটির কাজ কেবল আকাশে জ্বালানি সরবরাহ করা হলেও, নতুন এই সিসিএ ড্রোনগুলো সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেবে। এছাড়া মার্কিন নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কর্পস এমন এক সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করছে, যার মাধ্যমে এক বাহিনীর পাইলটরা প্রয়োজনে অন্য বাহিনীর ড্রোনও পরিচালনা করতে পারবেন।

 

 

২০২৪ সালের ডিসেম্বরে চীন যুক্তরাষ্ট্রের আগেই তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করলে ওয়াশিংটনে নতুন করে তোড়জোড় শুরু হয়। যুক্তরাষ্ট্রের ‘এফ/এ-এক্সএক্স’ বা বিমানবাহিনীর ‘এফ-৪৭’ এখনো পরীক্ষামূলক উড্ডয়নের পর্যায়ে পৌঁছাতে না পারায় আকাশপথে নিজেদের আধিপত্য ধরে রাখতে দ্রুত এই চালকবিহীন যুদ্ধবিমান মোতায়েনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

সূত্র: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন