Image description

পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলন, বিক্ষোভ ও দরকষাকষির পর অবশেষে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৩৬ শতাংশ মজুরি বাড়ানোর সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের এই সুপারিশে শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নতুন মজুরি ঘোষণার পর এটিকে স্বাগত জানিয়ে কাজে ফিরছেন শ্রমিকরা। শ্রমিকদের একটি পক্ষ ঘোষিতক মজুরি যৌক্তিক হয়নি দাবি করে তারা বিক্ষোভ দেখিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মজুরির বিষয়ে স্পষ্ট বার্তা না পাওয়ায় এসব শ্রমিকরা বিক্ষোভ করেন। ঘোষিত মজুরির বিষয়ে তারা মালিকপক্ষের স্পষ্ট ঘোষণা চান। যেসব কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছে সেখানে শ্রমিকরা কাজে ফিরেছেন।

প্রস্তাবিত মজুরির বিষয়ে আজ বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকের বৈঠকের পরই নতুন মজুরির প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হতে পারে। ওদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, বোর্ড সার্বিক দিক বিবেচনা নিয়ে যৌক্তিক মজুরির সুপারিশ করেছে। এবারের মজুরি বোর্ড দ্রুত সময়ের মধ্যে নিম্নতম মজুরির নির্ধারণ করতে পেরেছে। মজুরির বিষয়ে সমঝোতার জন্য এবার বোর্ডের বাইরে কারও কাছে যেতে হয়নি। বোর্ড চেয়ারম্যান নিজেই সব পক্ষকে সমঝোতায় আনতে সক্ষম হন। এর আগের বোর্ডের সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত গড়িয়েছিল।

মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। বৈঠক চলে রাত ২টা পর্যন্ত। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ভোটের মাধ্যমে গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দু’জন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য তিন গ্রেডের মজুরি সর্বসম্মতভাবে নির্ধারিত হয়েছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, শ্রম আইন ও বিধিমালা অনুসরণ করেই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন কাঠামো ১লা ডিসেম্বর থেকে কার্যকর করার কথা রয়েছে। তবে বোর্ডের সিদ্ধান্তের পর মন্ত্রণালয়ের অনুমোদনসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এ গ্রেডে নতুন মজুরি ২০ হাজার টাকা। আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। এ গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

১লা নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর ৯ই নভেম্বর শ্রমিকপক্ষ নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। ২৩শে নভেম্বরের বৈঠকে মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়। শ্রমিকপক্ষও কয়েক দফায় তাদের দাবি কমিয়ে আনে। পরবর্তী দরকষাকষিতে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত ভোটে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে যাওয়া, রপ্তানি আদেশের মূল্যহ্রাস, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কারণে কারখানাগুলো এমনিতেই চরম আর্থিক চাপে রয়েছে। অনেক কারখানার পক্ষেই বর্ধিত এই ৩৬ শতাংশ মজুরি পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দাবি করেন, আগামী ডিসেম্বর মাস থেকেই যেন মজুরির নতুন কাঠামো বাস্তবায়ন করা হয়।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা ও কার্যকর হয়। পরের মাস থেকে বর্ধিত মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা। সাধারণত পাঁচ বছর পর পর পোশাক খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে গত ১০ই এপ্রিল শ্রম আইন সংশোধন বিল সংসদে পাস হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়।

কাজে যোগ দেয়ার আহ্বান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর:
নতুন মজুরি নির্ধারণের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে মজুরি বোর্ড কর্তৃক নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১.২৫ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১২,৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। ২০২৬ সালে মজুরি বোর্ড কর্তৃক নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২.০০ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১৭,০০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে ২০২৬ সালে সুপারিশকৃত মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি।

মন্ত্রী বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কার এনেছে এবং এর অংশ হিসেবে বেতন পুনর্নির্ধারণের সময়সীমা ৫ বছরের পরিবর্তে ৩ বছরে নিয়ে এসেছে। প্রতি ৩ বছর পর পর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এই উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে মন্ত্রী মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শ্রমিকদের কাজে যোগদান: নতুন মজুরি কাঠামো ঘোষণার পর বুধবার রাজধানীর মিরপুরের অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা। কয়েকদিনের শ্রমিক অসন্তোষ, আন্দোলন ও কর্মবিরতির পর কাজে ফিরলেও নতুন বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ ঘোষিত মজুরিতে সন্তুষ্ট হয়ে কাজে ফিরেছেন, কেউ প্রত্যাশার তুলনায় কম বেতন পাওয়ায় অসন্তুষ্ট। আবার কিছু কারখানায় এখনো শ্রমিকরা কাজে ফেরেননি। কোথাও নতুন মজুরি কার্যকর হবে কিনা, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সরজমিন মিরপুরের সেকশন-৭, পল্লবী, শিয়ালবাড়ী মোড় ও মিরপুর-১৪ এলাকার বিভিন্ন পোশাক কারখানা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। রেডিওয়ার্স লিমিটেড, কনকর্ড ফ্যাশন লিমিটেড, শোটেক্স ফ্যাশন লিমিটেড, মার্ক ফ্যাশন লিমিটেড ও মার্কার্স ফ্যাশন লিমিটেডসহ বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন মজুরি কাঠামো নিয়ে অনেকে সন্তুষ্ট। তবে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও পরিবারের অন্যান্য খরচের তুলনায় এই বেতন যথেষ্ট নয় বলে মনে করেন তারা। রেডিওয়ার্স লিমিটেডের নারী শ্রমিক শাহানা ্পারভীন বলেন, নতুন মজুরি কাঠামোর বিষয়ে টেলিভিশনে জানতে পেরেছেন তারা। তবে কারখানা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ঘোষিত বেতন নিয়ে তারা খুশি। তিনি বলেন, আগে যে বেতন ছিল, সেটা নিয়েও আমরা কাজ করতে চাচ্ছিলাম। আন্দোলনের মধ্যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যে বেতন দেয়া হয়েছে, সেটাতেই আমরা সন্তুষ্ট। কাজ না করলে আমরা কীভাবে চলবো? নতুন যে বেতন দেয়া হয়েছে, সেটাকে আলহামদুলিল্লাহ বলে আমরা কাজে ফিরেছি। সবাই শান্তিপূর্ণভাবে কাজে এসেছি।

একই কারখানার শ্রমিক আলতাব হোসেনের বক্তব্য অবশ্য কিছুটা ভিন্ন। নতুন বেতন নিয়ে সন্তুষ্ট হলেও সংসার চালানোর ক্ষেত্রে এই বেতন যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। আলতাব হোসেন বলেন, নতুন যে বেতনের কথা বলা হচ্ছে, আমরা ফেসবুক ও টেলিভিশনে দেখছি। এই বেতনে আসলে আমাদের হবে না। বাসাভাড়া, চিকিৎসা, খাওয়া-দাওয়া-সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে বাঁচতে পারবো না। তারপরও সরকার যে বেতন বাড়িয়েছে, আমরা সেটার পক্ষে আছি। এখন আমাদের না চললেও এই বেতন নিয়েই থাকতে হবে। যেটা দেয়া হয়েছে, সেটাকে মেনে নিয়ে আমরা কাজে ফিরেছি।

কনকর্ড ফ্যাশন লিমিটেডের নারী শ্রমিক নাজমা আক্তার বলেন, কারখানা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে নতুন বেতন নিয়ে তারা খুশি। একই কারখানার শ্রমিক রহিম উদ্দিন বলেন, নতুন মজুরি কাঠামো তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বাসাভাড়া, খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে এই বেতন যথেষ্ট নয়। তারপরও জীবিকার তাগিদে কাজে ফিরেছেন তারা। রহিম উদ্দিন বলেন, নতুন যে বেতন কাঠামো করা হয়েছে, সেটা কোনোভাবেই আমাদের পোষাবে না। বাসাভাড়া, খাবার-দাবার, চিকিৎসা, ছেলেমেয়েদের স্কুলের খরচ-সবকিছু মিলিয়ে এই বেতনে আমাদের হয় না। তারপরও সরকার যে বেতন বাড়িয়েছে, সেই বেতন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আমাদের তো কাজ করে চলতে হবে। কাজ না করলে চলবো কীভাবে? যেটা দিয়েছে, সেটাকে স্বাগত জানিয়ে আমরা কাজে ফিরেছি।

শোটেক্স ফ্যাশন লিমিটেডের নারী শ্রমিক সীমা আক্তার বলেন, তার উপার্জনের ওপর গ্রামের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সংসার চলে। তাই আন্দোলন-সংগ্রাম এড়িয়ে কাজে ফিরে পরিবারের দায়িত্ব পালন করতে চান তিনি।
মার্ক ফ্যাশন লিমিটেডের শ্রমিক ওবায়দুর রহমান নতুন মজুরি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, ঘোষিত বেতন তাদের কারখানায় কার্যকর হলে তা মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করতে চান তারা। তবে এখনো কারখানা কর্তৃপক্ষের সঙ্গে নতুন মজুরি নিয়ে আলোচনা হয়নি।

শিয়ালবাড়ী মোড়ের আলম গার্মেন্টসে নতুন মজুরি কাঠামো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার আলামিন হোসেন বলেন, তাদের প্রতিষ্ঠান তুলনামূলক ছোট এবং শ্রমিকসংখ্যাও কম। তাদের নিজস্ব বেতন কাঠামো রয়েছে, যা সর্বনিম্ন সাত হাজার টাকা থেকে শুরু। নতুন মজুরি কার্যকর হবে কিনা, তা এখনো কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। শিয়ালবাড়ী মোড়ের অনন্যা ফ্যাশন লিমিটেডের শ্রমিক ধ্রুব রাজও নতুন মজুরি কাঠামো কার্যকর হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তিনি বলেন, তাদের প্রতিষ্ঠান ছোট হওয়ায় নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

মিরপুর-১৪ এলাকার লোড স্টার ও ভিশন অ্যাপারেলস (প্রা.) লিমিটেডের কারখানায় সরজমিন দেখা গেছে, এখনো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়নি। নতুন মজুরি কাঠামো ও কাজে ফেরার বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কর্মীদের কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। লোড স্টার লিমিটেডের কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, লোডস্টারের কার্যক্রম এখনো শুরু হয়নি।

গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, কোথাও কোথাও অসন্তোষ
স্টাফ রিপোর্টার, গাজীপুর ও সাভার জানান, পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত ঘিরে গাজীপুরের শিল্পাঞ্চলে মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে, নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে অনেক কারখানার শ্রমিক কাজে ফিরেছেন। অন্যদিকে, এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুরের চেষ্টা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সংঘর্ষে পুলিশ ও আনসার বাহিনীর আট সদস্য আহত হয়েছেন। সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে জেলার অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগে থেকেই বন্ধ রয়েছে ৩৫টি কারখানা। বুধবার সকালে গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা, তিন সড়ক, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা দলে দলে কর্মস্থলে যেতে থাকেন। কর্মস্থলে ফেরা শ্রমিকদের কয়েকজন জানান, মজুরি বাড়ানোর সিদ্ধান্তে তারা খুশি। আর আন্দোলন-সংঘাতে জড়াতে চান না তারা।

এদিকে, মজুরি বাড়ানো নিয়ে অসন্তোষ জানিয়ে নগরী ও জেলার বিভিন্ন এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকদের অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ থেকে নতুন মজুরি বাস্তবায়নের বিষয়ে এখনো সুস্পষ্ট ঘোষণা দেয়া হয়নি। এ ছাড়া আরও বাড়ানোর দাবি রয়েছে তাদের। সকালে নাওজোড়, ইটাহাটাসহ আশপাশের এলাকার কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর ভোগড়া বাইপাস, তিন সড়ক, শালনা, ছয়দানা, ভবানীপুর, বাঘের বাজার ও মালেকের বাড়ি, সাইনবোর্ড, সাতাইশ এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করে। এ সময় ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। অন্যদিকে, নগরীর তিন সড়ক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার পর আশপাশের কারখানার শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়কে নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা স্প্যারো অ্যাপারেলস কারখানার প্রধান ফটকে ভাঙচুরের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরীর তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানার কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাদের কারখানার মালিকপক্ষ নতুন মজুরি কাঠামো মেনে নেয়ার ঘোষণা দেয়ায় সকাল থেকেই শ্রমিকরা দলে দলে কর্মস্থলে যোগ দেন। মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে নোটিশ টাঙানো হয়েছে। ডিসেম্বর থেকেই তাদের কারখানায় নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে।

এদিকে, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সরকারের ঘোষিত নতুন মজুরি কাঠামো অধিকাংশ শ্রমিকরাই মেনে নিয়েছেন। কিন্তু এরপরও কিছুসংখ্যক দুষ্কৃতকারী অস্থিরতার চেষ্টা করছে। শিল্প পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করছে। আর যারা দুষ্কৃতকারী, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

সাভার-আশুলিয়ায় ৬০ কারখানায় ছুটি, বন্ধ ২৪, কর্মবিরতিতে ১০: তৈরি পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও সাভার-আশুলিয়ায় কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্তত ১০টি কারখানায় শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি পালন করেন। এ ছাড়া শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা এবং অন্যান্য কারণে বন্ধ রয়েছে ২টি কারখানা।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে রাস্তায় অবস্থান নেয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় একেএইচ স্টিজ কারখানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একেএইচ স্টিজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে শ্রমিকরা আবারো রাস্তায় অবস্থান নিয়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ জানায়, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৯৪টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে এবং শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ৬০টি কারখানায়।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ শ্রমিকদের জীবনধারণের ব্যয়ের সঙ্গে নতুন নির্ধারিত মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তবে মজুরি বোর্ড যেটা নির্ধারণ করেছে, তার খসড়া গেজেট এখনো হয়নি। এর বিপরীতে আমাদের রিভিউ করার সুযোগ আছে। তা শ্রমিক ভাইবোনদের উদ্দেশ্যে বলবো তারা যেন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।