যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় মাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হাসান পারভেজ নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সংক্ষিপ্ত বিচারে এ দণ্ডাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হাসান পারভেজ যশোরের দড়াটানার তাজ স্ন্যাক্সের স্বত্বাধিকারী প্রয়াত সোহেল হাসান মিঠুর ছেলে।
আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে হাসান পারভেজ তার মা মাহামুদা হাসান ও বোন ফারহানা আফরোজকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
তাদের হত্যার হুমকিও দিতেন তিনি।
এ পরিস্থিতিতে মাহামুদা স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেড়ে আট মাস অন্যত্র বসবাস করেন।
এ ছাড়া বোন ফারহানা আফরোজকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছিলেন হাসান।
পুলিশ প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি মাহামুদা নিজের অংশের কিছু জমি মেয়েকে লিখে দেন।
এ নিয়ে গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সার্কিট হাউসপাড়ায় মা ও বোনকে দেখে গালিগালাজ শুরু করেন তিনি।
এ সময় মা প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি মারেন হাসান। এতে মাহামুদার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এ ছাড়া তার কাছে থাকা প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ভাঙচুর করেন হাসান।
এ ঘটনায় মাহামুদা হাসান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে হাসানকে আটক করে।
বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।