Image description

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরুর পর তাকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে নয়নকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তাঁদের অন্তরঙ্গ অবস্থার দৃশ্যও দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ জুন সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন। ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় ভিডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন বলেন, ‘আমি রাজনীতিতে ভালো অবস্থানে থাকায় কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজনৈতিকভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তারা এসব অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। তবে কারা এসব করছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি।’

এ বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক বলেন, ‘শেখ মোহাম্মদ হোসেনকে আমি চিনি। সে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে রয়েছে। সচিবালয় থেকে তাকে আমার ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হলেও এক সপ্তাহের মধ্যেই সেই নিয়োগ বাতিল করা হয়। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে এ ধরনের কোনো ঘটনার কথা আমি শুনিনি। সে যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার তো আমি নিতে পারব না।’