Image description

রাষ্ট্রক্ষমতায় ফেরার বছর না পেরোতেই বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র। দলটিতে ঢুকে পড়েছে অন্য দলের নেতাকর্মীরা, বাড়ছে ‘হাইব্রিডদের’ দাপট। অন্যদিকে, তাদের কারণে অবমূল্যায়নের শিকার হচ্ছেন পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা। এতে বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দলটির তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা ছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংগঠনিক কর্মকাণ্ডে মূল্যায়ন পাবেন দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতারা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হচ্ছে কি না, তা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন বাড়ছে।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, বর্তমানে বিএনপিতে আবির্ভাব ঘটছে নব্য হাইব্রিডদের। দলীয় কার্যালয় থেকে শুরু করে মন্ত্রী-এমপি ও বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসে তাদের পদচারণা বাড়ছে। অথচ তারা বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না, আওয়ামী লীগের মামলা-হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা-বাণিজ্য করেছেন। তারাই এখন বিএনপির দাপুটে ‘হর্তাকর্তা’। আবার অনেক মন্ত্রী-এমপির আত্মীয়স্বজন বিদেশে ছিলেন। তারাও এখন দেশে ফিরে নানা জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, ছড়ি ঘোরাচ্ছেন তৃণমূলের ত্যাগীদের ওপর।

এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের একটি অংশ নিজেদের উপেক্ষিত মনে করছেন। তাদের অভিযোগ, দুঃসময়ে যাদের পাশে পাওয়া যায়নি, রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর তারাই এখন দল ও সরকারের বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তার করছেন। অন্যদিকে মামলা, হামলা ও নির্যাতনের শিকার পুরোনো নেতাকর্মীদের অনেকেই এখন অসহায়। হাইব্রিড নেতাদের চাপে মন্ত্রী-এমপিদের সঙ্গে দেখা করার সুযোগও পাচ্ছেন না। ফলে অনেকেই এখন দলীয় কার্যালয়, নেতাদের বাসাবাড়ি এড়িয়ে চলছেন। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য কালবেলাকে বলেন, হাইব্রিড নেতাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় ব্যত্যয় ঘটছে। তবে পর্যায়ক্রমে বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন, তাদের মূল্যায়ন করা হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কালবেলাকে বলেন, বিএনপিতে কেউ যদি যোগ দেয় তাহলে সে বিএনপির লোক। তবে নেতাদের সঙ্গে ছবি তুলে যারা নিজেদের বিএনপি বলে দাবি করছে তাদের যাচাই-বাছাই করার জন্য দলের সাংগঠনিক টিম কাজ করছে। ভবিষ্যতে আরও সুংগঠিতভাবে কাজ করবেন দায়িত্বশীল নেতারা। তবে যারা দলে অনুপ্রবেশ করছে, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য যদি ভিন্ন হয়ে থাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, দলে নতুন কাউকে যোগদান না করাতে কঠোর নির্দেশনা দেওয়া আছে। বিশেষ করে ফ্যাসিস্টদের কাউকে তো দলে নেওয়ারই প্রশ্ন আসে না। কেউ অনুপ্রবেশ করলে তাকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে। তারপরও নানা ফাঁকফোকর দিয়ে অনেকে কমিটিতে ঢুকে পড়তে পারে। তবে অভিযোগ পেলে কমিটি পুনর্গঠন করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয় হয়ে উঠছেন আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী হিসেবে পরিচিত ব্যক্তিরা। তাদের কেউ কেউ এখন বিএনপির প্রভাবশালী নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি প্রকাশ করে নিজেদের বিএনপিপন্থি হিসেবে পরিচিত করার চেষ্টা করছেন। আবার কোথাও কোথাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিএনপির বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক পদে যুক্ত করার অভিযোগ উঠেছে। এমনই একজন বাংলাদেশ ইউনিভার্সিটি ও জাহান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক কাজী তায়েফ সাদাত চৌধুরী। তাকে ঘিরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময় জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তিনি গার্মেন্টস ও করপোরেট খাতে প্রভাব বিস্তার করেন। তবে গণঅভ্যুত্থানের পর বিএনপির বিভিন্ন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক ব্যক্তিদের বাসায় তার দৌড়ঝাঁপ বেড়েছে। তাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বর্তমানে নিজেকে বিএনপিপন্থি হিসেবে প্রচার করছেন তিনি।

জানা গেছে, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সব গার্মেন্টস প্রতিষ্ঠান বর্তমানে কাজী তায়েফ দেখাশোনা করছেন। এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ ভারতে অবস্থানরত শাহরিয়ার কবিরের কাছে পাচার করা হচ্ছে। এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় অংশীদারত্ব ছিল কাজী তায়েফের। পলক কারাগারে থাকায় বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোর দেখভালও তিনিই করছেন। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী রিশাদ মোরশেদের সঙ্গে যোগসাজশে বড় প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে এই কাজী তায়েফের বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে জানতে কাজী তায়েফকে ফোন করা হলে কালবেলার পরিচয় শুনে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করে ও মেসেজ পাঠিয়েও তার সাড়া মেলেনি।

এদিকে, ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আবুল বাশার খান সম্প্রতি তুরস্কে কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তুরস্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, আবুল বাশার খান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন। গণঅভ্যুত্থানের পর সাবেক এই মন্ত্রীর সঙ্গে আবুল বাসারের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। তিনি জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার অভিযোগে মামলার আসামি এবং ফরিদপুর-১ আসনে থেকে স্বতন্ত্রভাবে সংসদ নির্বাচন করেছিলেন।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, আমরা যাচাই করে দেখেছি, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকায় তার (আবুল বাশার) নাম ছিল না। সম্মেলনে পরিবেশবাদী, বিরোধী দলের নেতাসহ বিভিন্ন দল ও এনজিও থেকে লোকজন গিয়েছে। তিনি হয়তো ব্যক্তিগতভাবে গেছেন।

যোগদানের পরই পদ ও নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি: সম্প্রতি গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, যোগদানের পর তাদের কাউকে কাউকে অর্থের বিনিময়ে সাংগঠনিক পদ দেওয়া এবং স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের ছানোয়ার হোসেন মিলনের নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ১২শ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। গত ২৭ অক্টোবর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রানা মোল্লা পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দেন। এছাড়া উলপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লা এবং দুর্গাপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা জিলানী বিএনপিতে যোগ দেন। এর বাইরে জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের বাবা ও দুই ভাই আওয়ামী লীগের পদধারী রাজনীতিতে যুক্ত। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন লিপটনের ভগ্নিপতি মোল্লা কাওছার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিনের ভাই জাহিদুল ইসলাম সেলিম সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি। গোপালগঞ্জের বাকি আসনগুলোতে একই চিত্র বলেও দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা।

তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই সরফুজ্জামান জাহাঙ্গীর, সাইফুর রহমান নান্টু, এম এইচ খান মঞ্জু ও এম সিরাজুল ইসলামের নেতৃত্বে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে উঠেছে। ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের যথাযথ মূল্যায়ন না করে নতুন যোগদানকারীদের পদপদবি দেওয়ার উদ্যোগে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় নেতারা।

বহাল তবিয়তে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেকেই: আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে গত ১২ নভেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। কিন্তু একই অভিযোগ থাকলেও এখনো অনেকে বহাল তবিয়তে রয়েছে বলে অভিযোগ বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূলের নেতাকর্মীদের। তাদের প্রশ্ন, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অন্যদের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হচ্ছে না কেন? রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড যাচাই না করে কারা তাদের দলীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছেন?

রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপিতে পদ পাওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর মিরপুরেও। গণঅভ্যুত্থানের সময় মিরপুরে ছাত্র সিয়াম হত্যার মামলার আসামি নজরুল ইসলামকে গোপনে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। তাদের দাবি, সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান তাকে ওই পদে দায়িত্ব দিয়েছিলেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, নজরুল ইসলাম মিরপুরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে পরিচয়ে এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও যুবলীগ নেতা কাজী জহিরুল ইসলাম মানিকের ঘনিষ্ঠ হিসেবে বিগত সময়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনে নৌকা মার্কার ফটোকার্ড ঝুলিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে তাকে দেখা গেছে। নজরুল ইসলামের মতো আরও কয়েকজন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিকে বিএনপির কমিটিতে পদ দেওয়ার আলোচনা ছিল বলেও দাবি স্থানীয় নেতাকর্মীদের। তবে সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে নজরুল ইসলামের পদ বাতিল করার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম কালবেলাকে বলেন, আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করিনি। আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। এরই মধ্যে বাদীপক্ষ মামলা প্রত্যাহার করে নিয়েছে। জামায়াতের লোকজন তার বিরুদ্ধে অভিযোগ করছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দা ফৌজিয়া হোসেন এখন বিএনপির নেত্রী। বর্তমানে তিনি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ফৌজিয়া আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। দলটির প্রভাবশালী একাধিক নেতার বাসায় তার যাতায়াত ছিল। এমনকি বিগত সময়ে ফৌজিয়া বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চেয়েও মানববন্ধন করেছিলেন। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, তাদের মতো সারা দেশে বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপিতে আওয়ামী লীগ বা তাদের সুবিধাভোগী নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাদের কারণে বিএনপির অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতার সঙ্গে দেখা করা এখন কঠিন হয়ে পড়েছে।

দল পরিচালনায় আওয়ামী লীগের পথেই কি হাঁটছে বিএনপি: আওয়ামী লীগ সরকারের আমলে টানা ১৫ বছর ধরে দলের ভেতরে অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের প্রভাব নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে ২০১৫ সালের পর থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা ক্রমেই বাড়ছিল। তাদের সঙ্গে আওয়ামী লীগের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের দ্বন্দ্ব প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অনেক নেতাকর্মীর প্রত্যাশিত মূল্যায়ন না করার অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন বিএনপির ভেতরেও একই ধরনের অভিযোগ সামনে আসায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার জন্ম দিয়েছে। দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগের দেখানো পথেই বিএনপি হাঁটছে কি না সেই প্রশ্ন তুলছেন বিএনপিপন্থি রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুবিধাবাদীদের উপস্থিতি বৃদ্ধি, পুরোনো কর্মীদের অবমূল্যায়ন এবং নেতৃত্বের চারপাশে নতুন বলয় তৈরির অভিযোগ—এই বিষয়গুলোতে দুই দলের ক্ষেত্রে একই চিত্র দেখা যাচ্ছে। বিএনপির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলের পুরোনো ও পরীক্ষিত নেতাকর্মীদের আস্থা ধরে রাখা। একই সঙ্গে দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি।

রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী কালবেলাকে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখছি না। শেখ হাসিনা দলে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়ে তার ফলাফল তিনি পেয়েছেন। বিএনপিও একই পথে হাঁটছে। দলে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিলে গ্রুপিং-কোন্দল বাড়বে। আবার বিদেশফেরত গ্রুপের চাপেও পড়ছেন অনেকে। তিনি বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন করেছে, ধানক্ষেতে ঘুমিয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে। যারা অন্ধের মতো সাপোর্ট করেছে, তাদের মূল্যায়ন না করলে ভবিষ্যতে দলই ক্ষতিগ্রস্ত হবে। এর বহিঃপ্রকাশ যে কোনো সময় ঘটতে পারে।