Image description

সিরাজগঞ্জে চলনবিলের জলাভূমিতে একসময় মিলত নানা প্রজাতির প্রচুর দেশি মাছ। বর্ষা শেষে সেই মাছ ঘিরে জমে উঠত শুঁটকি তৈরির কর্মযজ্ঞ। চাতালে চাতালে মাছ শুকানোর ব্যস্ততা, শ্রমিকদের হাঁকডাক আর ব্যবসায়ীদের ভিড় থাকত। কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। মাছের অভাবে উৎপাদন কমেছে শুঁটকির। বন্ধ হয়ে গেছে অনেক চাতাল। কাজ হারিয়ে বেকার এ পেশার সঙ্গে যুক্ত শ্রমিকেরা।

জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি শুঁটকিপল্লিতে গিয়ে দেখা যায়, বেশির ভাগ চাতালই পড়ে আছে। কোথাও মাছ শুকানোর চাটাই খালি, কোথাও সামান্য পুঁটি মাছ শুকানো হচ্ছে। যে সময়ে চাতালগুলোতে ব্যাপক ব্যস্ততা থাকার কথা, সে সময় অলস দিন কাটাচ্ছেন শ্রমিকেরা।

সিরাজগঞ্জ মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ৭৩টি শুঁটকি মহালে উৎপাদন করা হয়েছিল ২৭৫ দশমিক ৮ টন শুঁটকি। পরের অর্থবছর ২০২৫-২০২৬ অর্থবছরে একই সংখ্যক মহালে উৎপাদন নেমে আসে ১৩৫ টনে। এক বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ১৪০ দশমিক ৮ টন।

মহিষলুটি এলাকার শুঁটকি চাতালের মালিক আলী আসলাম বলেন, গত কয়েক বছরের মধ্যে এবার বিলে মাছ আশঙ্কাজনকভাবে কমেছে। আড়তে মাছ পাওয়া গেলেও দাম অনেক বেশি। এত দামে মাছ কিনে শুঁটকি তৈরি করা কঠিন হয়ে পড়েছে।

মান্নান নগর এলাকার শুঁটকি ব্যবসায়ী কালাম সরকার বলেন, মাছের সংকটে অনেক মহালে উৎপাদন বন্ধ রয়েছে। এতে শত শত শ্রমজীবী মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছেন।

মহিষলুটি এলাকার নারী শ্রমিক আলেয়া ও ফাতেমা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ পরিষ্কার এবং চাতালে শুকানোর কাজ করেন। তাঁরা জানান, প্রায় ১২ ঘণ্টা কাজ করে মজুরি পান মাত্র ২৫০ টাকা। এবার শুঁটকির কাজ কম থাকায় অনেক নারী শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

চলনবিলের শোল, বোয়াল, খলসে, টাকি, টেংরা, চাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে তৈরি শুঁটকি সৈয়দপুর, নীলফামারী ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যায়।

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, জলাশয় ভরাট, অপরিকল্পিত পুকুর খনন, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণ এবং শিল্পায়নের কারণে চলনবিলে মাছের আবাসস্থল সংকুচিত হচ্ছে।

এ ছাড়া বাদাই জালে মা মাছ নিধনের ফলে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বন্যার পানি না থাকাসহ নানা কারণে মাছের সংকট দেখা দিয়েছে। ফলে শুঁটকি উৎপাদনে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে।