কখনো রাজপথে মিছিল, কখনো স্লোগান, আবার কখনো সভা-সমাবেশের দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিওর অনেকগুলোরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও, ছবি ও ফেক ফেসবুক আইডির মাধ্যমে আন্দোলনের নামে বগুড়ায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে।
জানা যায়, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী পতিত শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ সামনে এনে এআই দিয়ে কাল্পনিক মিছিল-মিটিংয়ের ছবি ও ভিডিও তৈরি করে প্রচার করছে। এমনকি অতীতে হরতাল-অবরোধের সময় গাড়িতে অগ্নিসংযোগের পুরোনো ভিডিও এআই প্রযুক্তি দিয়ে নতুন ঘটনা হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ সম্প্রতি বগুড়ায় আওয়ামী লীগের কোনো দৃশ্যমান মিছিল-মিটিং বা রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি।
শুধু রাজনৈতিক প্রচারণা নয়, এআই প্রযুক্তির অপব্যবহারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও হয়রানির শিকার হচ্ছেন। প্রকৃত ছবি ব্যবহার করে মুখমণ্ডল পরিবর্তন, আপত্তিকর দৃশ্য সংযোজন ও কাল্পনিক ভিডিও তৈরি করে ভুয়া আইডি, পেজ ও গ্রুপে ছড়ানোর অভিযোগ রয়েছে। এতে ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি ব্ল্যাকমেল ও অর্থ আদায়ের আশঙ্কাও তৈরি হচ্ছে। বগুড়ার সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু বলেন, এ ধরনের অপপ্রচার রাজনৈতিক বিভ্রান্তির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে। ফেক আইডির আড়ালে থাকা ব্যক্তিদের শনাক্ত করা জরুরি।
বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, বিএনপির ডাকা অতীতের হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর পুরোনো ভিডিও এআইয়ের মাধ্যমে বর্তমানের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।