Image description

শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে হলে বেশি বেশি সবজি খেতে হবে, এ কথা কে না জানে! কিন্তু যে সবজি আমরা খাব, সেটাও তো ঠিক থাকতে হবে। আমরা দেশবাসী, বিশেষ করে রাজধানীবাসী কী সবজি খাচ্ছি প্রতিদিন, জানেন? চলুন, জেনে আসি কালের কণ্ঠের অনুসন্ধানের সঙ্গে—

ঢাকার একদম কাছেই সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকার কৃষক আব্দুর রাজ্জাক।

ছোটবেলায় বাবার হাত ধরে তাঁর কৃষিকাজে আসা। এরপর দীর্ঘ ৪০ বছর ধরে তিনি এই এলাকায়ই কুমড়া, শসা, শিম, ভুট্টাসহ বিভিন্ন সবজি ও ধান চাষ করছেন। গত বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, প্রায় দুই বিঘা জমিতে চাষ করা চালকুমড়া ও শসার ক্ষেতে কাঁধে স্প্রে মেশিন নিয়ে কীটনাশক ছিটাচ্ছেন তিনি। একদিকে তাঁর কোনো সুরক্ষা ব্যবস্থা নেই, অন্যদিকে বাতাসে আশপাশের ছিটানো কীটনাশক।
 
পাশের ক্ষেত থেকে শসা তুলছিলেন আরেক কৃষক জাহাঙ্গীর আলম। তাঁর ক্ষেতেও আব্দুর রাজ্জাকের ছিটানো কীটনাশকের অংশ উড়ে যাচ্ছিল।

আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এভাবেই ক্ষেতে বিষ (কীটনাশক) দিই। মাস্কটাস্ক পরি না।

মাঝেমধ্যে বিষ দেওয়ার পরে মাথা ব্যথা করে। পরে আবার তা ঠিক হয়ে যায়।’

‘কীটনাশক দেওয়ার কত দিন পরে ফসল বাজারে বিক্রি করেন?’

জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘সাধারণত যেদিন বিষ দিই, তার এক দিন পরেই ক্ষেতে থেকে ফসল তুলে বাজারে বিক্রি করে দিই। আবার যদি বাজারে ভালো দাম থাকে, তখন বিষ দেওয়ার পরের দিনও ফসল তুলে বিক্রি করি। আর ফসলে যে পরিমাণ পোকার আক্রমণ হয়, তাতে কোনো কোনো সপ্তাহে দুইবারও কীটনাশক স্প্রে করা হয়।

আব্দুর রাজ্জাক প্রোক্লেম-০৫ এসজি নামের একটি কীটনাশকের প্যাকেট হাতে নিয়ে দেখিয়ে বলেন, ‘আজ এটা দিয়েছি। চালকুমড়া বিক্রির উপযোগী হয়েছে। আর এক দিন পরেই তুলে বাজারে বিক্রি করব।’

কীটনাশকের প্যাকেটটি হাতে নিয়ে দেখা যায়, লাল কালিতে প্যাকেটের ওপরই লেখা রয়েছে, ‘প্রোক্লেম শেষ প্রয়োগের পরবর্তী সাত থেকে ১৪ দিন ফসল তোলা থেকে বিরত থাকতে হবে।’

কিন্তু কে মানে এসব নির্দেশনা? আর এগুলো দেখার দায়িত্বে যাঁরা নিয়োজিত, তাঁরাও বিষয়টিকে গুরুত্ব দেন না।

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষ ছিটানোর পরে সাত দিন অপেক্ষা করার সময় কোথায়? যখন ফল ধরে না, তখন অপেক্ষা করা যায়; কিন্তু তখনো তো গাছের শাক বিক্রি করি। আর বাজারে আমাদের এই তাজা সবজির চাহিদা অন্য সব সবজির চেয়ে অনেক বেশি। এত সব নিয়ম-কানুন মানতে গেলে দেখা যাবে, ফসল ফলাতে যে খরচ, সেটাই উঠবে না। বাজারে ভালো দাম পেলেই আমরা বিক্রি করে দিই।’

একই গ্রামের শসা চাষ কবা আরেক কৃষক জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকায় দেশি ও টাটকা শসার চাহিদা সবচেয়ে বেশি। আমরা দু-তিন দিন পর পর ঢাকায় শসা পাঠাই। ভোরে তুলে তখনই পাঠিয়ে দিই। এমনও হয় যে আগের দিন গাছে বিষ দিয়েছি, পরের দিন ভোরে শসা তুলে ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’

ঢাকার কাছাকাছি আর এক জেলা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, বেশির ভাগ এলাকায়ই কৃষকরা আগাম শীতকালীন সবজি তুলছেন এবং শীতকালীন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন। মাঠের পর মাঠে চাষ করা সবজির জন্য মাঝেমধ্যে পানির আধার তৈরি করা। আর সেখানে যেতেই চোখে পড়ে শত শত কীটনাশক ও বালাইনাশক ব্যবহারের পরে খালি মোড়ক ফেলে রাখা হয়েছে।

কথা হয় চরদিল্লি গ্রামের কৃষক খালেদুলের সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘মাঠে এখন আগাম শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বেগুন, শালগম, ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজি রয়েছে। এসব সবজি নিয়মিতই আমরা পাইকারি বাজারে বিক্রি করছি, আর সেগুলো ঢাকায় চলে যাচ্ছে। আমাদের মধ্যে কয়েকজন কৃষক সরাসরি ঢাকায় নিয়েও বিক্রি করেন।’

সবজিক্ষেতে কোন পদ্ধতিতে কীটনাশক ও বালাইনাশক প্রয়োগ করছেন? জানতে চাইলে খালেদুল বলেন, ‘ঢেঁড়স ও ফুলকপিতে এখন বেশি কীটনাশক দিতে হচ্ছে। সপ্তাহে অন্তত একবার দেওয়া হয়, অনেক সময় দুইবারও দিতে হয়। আর কীটনাশক প্রয়োগ করার দু-এক দিন পরেই সবজি কেটে বাজারে বিক্রি করে ফেলি। এখন সবজির যে চাহিদা, তাতে বেশিদিন অপেক্ষা করলে লাভ করা যায় না।’

পাশের গ্রামের কৃষক আলী হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সার কিংবা কীটনাশক দেওয়ার এক দিন পরেই আমরা ফসল কাটি। কী ক্ষতি হইলো, না হইলো সেটা দেখার সময় কই আমাদের? আমার দেওয়া শ্রম, কীটনাশক ও সারের টাকা তুলে সবজি বিক্রি করে লাভ পাওয়াটাই বড় বিষয়।’

এভাবে মানুষের ক্ষতি করে কীটনাশকসহ সবজি বিক্রির জন্য স্থানীয় কৃষি অফিসার কিংবা স্থানীয় প্রশাসন তদারকি করে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্যারেরা কি আর মাঠে আসেন? তাঁদের উপজেলা অফিসে গিয়েও পাওয়া যায় না। আমরা আমাদের মতো করে বাপ-দাদাদের থেকে শিখে আসা পদ্ধতিতে ফসল ফলিয়ে আসছি। নিয়ম মাইনা এক সপ্তাহ অপেক্ষা কইরা সবজি তুললে সংসার চলব ক্যামনে?’

শুধু অনিয়মতান্ত্রিকভাবে কীটনাশক প্রয়োগই নয়, খরচ বাঁচাতে কম দামের ও পরিবেশের জন্য ক্ষতিকর বালাইনাশক ফসলে দিচ্ছেন কৃষকরা। বেশি দামের কীটনাশক দেরিতে কাজ করছে এবং কম দামের কীটনাশক দ্রুত কাজ করছে বলে কৃষকদের দাবি। বিশেষজ্ঞরাও বলছেন, কম দামের কীটনাশকে বিষের মাত্রা বেশি থাকে এবং দ্রুত পোকা মরে যায়। অন্যদিকে বেশি দামের কীটনাশক একটু দেরিতে কাজ করে, কিন্তু সেটা মানুষের শরীরে কম ক্ষতি করে।

সাটুরিয়ার দরগ্রাম এলাকায় বেগুন ও শিম চাষ করা কৃষক হামিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে ভালো মানের বালাইনাশক ৪৫০ টাকা থেকে ২০০ টাকা প্রতি প্যাকেট। কিন্তু নামসর্বস্ব কিছু কম্পানির এসব বিষ ৭০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যায়, যা কাজও করে দ্রুত; কিন্তু এটা ব্যবহার করা ক্ষতিকর তা কৃষি অফিস থেকে বলা হয়েছিল। আমরা মাঝেমধ্যে এগুলো ব্যবহার করতে বাধ্য হই।’

এই এলাকার এক কীটনাশক ও সার বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, ‘এসাটাফ-৭৫ এসপি ২৫০ টাকা, বায়োলিনাফা ২৬০ টাকা, প্রোক্লেম-০৫এসজি কীটনাশক ২০০ টাকায় বিক্রি করি। কিন্তু একই পরিমাণে কিছু কীটনাশক ১০০ টাকার কমে বিক্রি করি, যেগুলো ভালো কোনো কম্পানির নয়। কিন্তু কৃষকরা কম দামেরটাই খোঁজে, আর আমাদের লাভও হয় বেশি। ভালো ব্রান্ডের ২০০ টাকার কীটনাশকে ২০ টাকার মতো লাভ হয়, আর নন-ব্রান্ডের ১০০ টাকার কীটনাশকে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত লাভ হয়। এ জন্য আমরাও এগুলো বিক্রি করি। যদিও এগুলো বিক্রি করতে কৃষি অফিসের মানা আছে, কিন্তু চাহিদা থাকলে বিক্রি তো আমাদের করতেই হয়।’

সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, চলতি মৌসুমে এই উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় এক হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। ঢাকার কাছে হওয়ায় এই এলাকার সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের সার ও কীটনাশক বিক্রির ডিলার মেসার্স ইসলাম অ্যান্ড কোং-এর দ্বীপেন সাহা কালের কণ্ঠকে বলেন, ‘আমার এখানে সরকার অনুমোদিত কীটনাশক-বালাইনাশক ছাড়া নিম্নমানের কোনো কীটনাশক নাই; কিন্তু এখানে ৯ জন সাবডিলার রয়েছেন, যাঁরা এগুলো বিক্রি করেন বলে কৃষকদের থেকে জেনেছি। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো পক্ষেরই নজরদারি নাই। অফিসাররা এসে শুধু দেখেন যে দুই নাম্বার মাল বিক্রি করছি কি না। সচেতন করার কোনো বালাই নাই। আর কৃষকরা চাইলে তো কীটনাশক, বালাইনাশক ও সার বিক্রি করতে হচ্ছে। কে অতিরিক্ত মাত্রায় দিচ্ছে, কে নিয়ম মানছে না, সেসব তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়।’

বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের প্রাপ্ত ফলাফলের তথ্য বলছে, বাজারের বিভিন্ন সবজির নমুনায় ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের সর্বোচ্চ সহনীয় মাত্রা রয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বালাইনাশক ও বিষতত্ত্ব বিভাগ) ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান কালের কণ্ঠকে বলেন, ‘৪০ থেকে ৬০ বছর আগে আবিষ্কৃত পুরনো বিষাক্ত বালাইনাশকের দাম কম হওয়ায় কৃষকরা সেগুলোই বেশি ব্যবহার করছেন। বিপরীতে নতুন ও কম ক্ষতিকর আধুনিক বালাইনাশকের দাম বেশি। সরকার যদি এসব আধুনিক বালাইনাশকে ভর্তুকি দেয়, তাহলে কৃষকরা নিরাপদ বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ হবেন।’

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সাম্প্রতিক এক গবেষণা বলছে, রাজধানীর বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা, ক্যাডমিয়াম এবং ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি প্রকাশ হওয়া বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় ১.১৬ থেকে ২.৩৭ পিপিএম পর্যন্ত সিসা শনাক্ত হয়েছে। এ ছাড়া একই নমুনায় ০.৩৩ পিপিএম ক্যাডমিয়ামের উপস্থিতিও পাওয়া গেছ, যা সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি।

শাক-সবজিতে সিসার সহনীয় মাত্রা ০.৩ পিপিএম; কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় সর্বোচ্চ ২.৩৭ পিপিএম পর্যন্ত সিসা পাওয়া গেছে, যা নির্ধারিত সীমার চেয়ে অন্তত সাত গুণ বেশি। ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে সংগৃহীত বিভিন্ন শাক-সবজির নমুনা পরীক্ষার ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির তথ্য বলছে, প্রতিদিনের খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করছে, যা দীর্ঘ মেয়াদে নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু দীর্ঘদিন শরীরে জমতে থাকলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সিসা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, সবজির কিছু নমুনায় ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলা জীবাণুও শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দেশের সব ধরনের খাদ্য স্বাস্থ্যসম্মত রাখার প্রত্যয়ে দেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়। তবে কর্তৃপক্ষ কয়েকটি বিধি-প্রবিধি প্রণয়ন করেই তাদের রুটিন দায়িত্ব পালন করছে। ২০১৭ সালে কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য প্রবিধানমালা জারি করে। তারা সবজি নিয়ে গবেষণা করলেও এর মনিটরিংয়ের দায় দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের উপজেলা ও গ্রাম পর্যায়ে কৃষকদের মনিটর করা সম্ভব নয়, আর আমাদের সেই লোকবলও নেই। এর দায়িত্বে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইউনিয়ন পর্যায়ে তাদের তিনজন কর্মকর্তা দায়িত্বে রয়েছেন, কিন্তু আমাদের (নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ) আছে জেলা পর্যায়ে মাত্র একজন কর্মকর্তা।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন বলেন, বালাইনাশক প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন রয়েছে কখন প্রয়োগ করতে হবে। প্রয়োগের কত দিন পর তা তোলা বা বাজারে নেওয়া যাবে, এসব নির্দেশনা দেওয়া আছে; কিন্তু তা বেশির ভাগ কৃষকই মানেন না। তাই এ ধরনের সবজি খেয়ে মানুষ কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মানসিক সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এদিকে ২০২৪ সালের এক গবেষণায় লালশাক, শিম, ঢেঁড়স, পটোল, শসাসহ বেশ কয়েকটি সবজিতে ক্ষতিকর ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের খাদ্যচক্রে এসব ভারী ধাতুর প্রভাব তাত্ক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘ মেয়াদে তা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তবে সে জন্য নির্দিষ্ট কোনো ফসল বা খাদ্যপণ্য নিয়ে আতঙ্কিত না হয়ে খাদ্য উৎপাদনের উৎস বিষ ছড়ানোর সুযোগ বন্ধ করতে হবে।

এই গবেষণাকাজে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। তাঁরা বাজার থেকে ৯ ধরনের সবজি সংগ্রহ করেছিলেন। সেগুলোর মধ্যে ছিল আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটি। গবেষণায় দেখা গেছে, এসব সবজিতে সিসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামসহ বেশ কয়েকটি রাসায়নিকের উচ্চ মাত্রার উপস্থিতি রয়েছে। তবে সবচেয়ে বেশি মাত্রায় হেভি মেটাল পাওয়া গেছে লালশাকে।

শাক-সবজি ও ফলে ক্ষতিকর উপাদানের উপস্থিতি জানতে পৃথক দুটি গবেষণা পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব গবেষণায় সবজিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক এবং ফলে মিলেছে কীটনাশকের অবশিষ্টাংশ। গবেষণার তথ্য বলছে, লালশাকে সবচেয়ে বেশি পরিমাণে ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু পাওয়া গেছে। যেখানে ক্যাডমিয়ামের সর্বোচ্চ সহনীয় মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম প্রতি কেজি, সেখানে লালশাকে পাওয়া গেছে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম। বেগুনে পাওয়া গেছে ২৭৫.৬৬ মাইক্রোগ্রাম প্রতি কেজিতে, ঢেঁড়সে ৩৪৯ মাইক্রোগ্রাম এবং টমেটোতে ১৯৫ মাইক্রোগ্রাম। ক্যাডমিয়ামের সর্বোচ্চ উপস্থিতি পাওয়া গেছে নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনা থেকে।

একইভাবে ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে শিম, শসা, ঢেঁড়স, পটোল ও লালশাকে। সিসার মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে বেগুন, বাঁধাকপি, শিম, শসা, ঢেঁড়স, পটোল, টমেটো, লালশাকসহ ৯টি সবজিতে।

বেগুন ভয়ংকর : সম্প্রতি সায়েন্স জার্নাল ‘নেচার পোর্টফোলিও’তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশে বেগুন উৎপাদনের বিখ্যাত এলাকা জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার কয়েকটি স্থানের বেগুনে সিসা, নিকেল, ক্যাডমিয়ামসহ একাধিক ক্ষতিকর উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে। উপাদানগুলোর স্বাভাবিক যে পরিমাণে থাকার কথা, তার চেয়েও কয়েক গুণ বেশি উপস্থিতি রয়েছে, যা নিয়মিত গ্রহণের ফলে ক্যান্সারের মতো রোগ হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।

এ গবেষণার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, ‘বেগুনে উপস্থিত ক্ষতিকর এসব উপাদানসহ এই সবজি দীর্ঘদিন গ্রহণ করলে মানবদেহে ক্যান্সারসহ নানা ধরনের রোগ বাড়তে পারে। এ জন্য দেশব্যাপী বেগুনসহ অন্যান্য সবজির ওপর হেভি মেটালের এ গবেষণা ব্যাপক আকারে চালানো দরকার। খামারিদের ব্যবহার করা মাত্রাতিরিক্ত কীটনাশক কিংবা সারের মাধ্যমে জমিতে সিসা, নিকেল, ক্যাডমিয়ামসহ ক্ষতিকর উপাদান সবজিতে প্রবেশ করতে পারে।’

জামালপুরের স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, বেগুনে এসব ক্ষতিকর উপাদান আছে কি না সে বিষয়ে তাঁদের গবেষণা নেই। যেহেতু বেগুন উৎপাদনে কোনো প্রভাব পড়ছে না, তাই এসব বিষয় ভেবে দেখেননি তাঁরা। তবে কৃষকরা বেগুনের বাগানে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন এবং সেখান থেকে মাটি ও বেগুনে ক্ষতিকর উপাদানের পরিমাণ বাড়তে পারে বলে তাঁদেরও ধারণা।

অ্যাটমিক অ্যাবসরপশন স্পেকট্রোফোটোমিটার (এএএস) ব্যবহার করে বাংলাদেশের একটি বিখ্যাত বেগুন উৎপাদনকারী এলাকা থেকে ৬০টি টপ সয়েল (মাটির ওপরের উর্বর অংশ) এবং ৮০টি বেগুনের নমুনায় ট্রেস মেটালের উপস্থিতি নির্ণয় করার জন্য গবেষণাটি করা হয়েছিল। ড. মো. জাকির হোসেন বলেন, ‘আমরা জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ২০ স্থানের ৮০টি বেগুনের স্যাম্পল এবং ৬০টি স্থানের মাটির স্যাম্পল নিয়ে কাজ করেছি। এতে আমরা বেশির ভাগ স্যাম্পলেই সিসা ও নিকেলের উপস্থিতি পেয়েছি, যা মানবদেহের জন্য ক্ষতিকর। ওই এলাকার মাটিতেও এসব উপাদানের উপস্থিতি বেশি।’

বেগুন এ দেশের অত্যন্ত জনপ্রিয় সবজি। আর এ দেশের মানুষের খাদ্যতালিকায় সারা বছরই বেগুনের তরকারি থাকে (জনপ্রতি দিনে ৭.২৮ গ্রাম)। প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির দৈনিক চাহিদার উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন, খনিজ ও ফেনোলিক যৌগ সরবরাহ করে বেগুন। যদিও দেশে ও বিদেশে অনেক গবেষণায় এসেছে যে আলু, বেগুন, কচু, আমলকী, মুলা, ঢেঁড়স ও ফুলকপির মতো সবজিতে ধাতব পদার্থ জমার ঝুঁকি রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে, গ্রীষ্মকাল (মোট সবজি উৎপাদনের ৯.৬ শতাংশ) ও শীতকাল (মোট সবজি উৎপাদনের ৪.৭ শতাংশ) উভয় মৌসুমেই বাংলাদেশে চাষ করা সবজিগুলোর মধ্যে বেগুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি। আর এই সবজি ফলাতে প্রয়োগ করা অতিরিক্ত মাত্রার কীটনাশকই মানুষের খাবারের প্লেটে যাচ্ছে।

মেলান্দহ উপজেলার কৃষক আনোয়ার কালের কণ্ঠকে বলেন, ‘বেগুন চাষের ক্ষেত্রে জমিতে যেমন অতিরিক্ত বালাইনাশক দিতে হয়, তেমনি পোকা দমন রোধে কীটনাশকও বেশিই দিতে হয়। সপ্তাহে অন্তত দুইবার কীটনাশক না দিলে বেগুনে পোকা ধরে যায়। যদি পোকা ধরে তাহলে সেই বেগুনের আর দাম পাওয়া যায় না। আর কীটনাশক প্রয়োগের এক দিন পরেই আমরা ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করে বাজারে বিক্রি করি, যা ঢাকাসহ সারা দেশে যায়।’