Image description

খুলনার রূপসা উপজেলা সদর ইউনিয়নের বিএনপির সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যার নেপথ্যে দুটি কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হত্যার ২৪ ঘণ্টায়ও পরিবারের কেউ থানায় মামলা করেনি। কাউকে আটকও করেনি পুলিশ। 

এদিকে নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে কেসিসির প্রশাসক বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েকটি সন্ত্রাসী গ্রুপের কাছে আমরা ১৪ লাখ মানুষ জিম্মি হয়ে পড়েছি। সন্ত্রাস নির্মূলের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা দরকার। প্রশাসনকে কারফিউ জারি করা দরকার। 

শুক্রবার (১৩ নভেম্বর) রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দলীয় কর্মী জাকির হোসেনের পরিবারের খোঁজখবর নেওয়া, জানাজায় অংশগ্রহণ এবং সমবেদনা প্রকাশকালে তিনি এসব কথা বলেন।

১২ নভেম্বর দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় স্বল্পবাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাকির স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা তার মাথা লক্ষ‌্য ক‌রে গু‌লি করে। গু‌লির পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত‌্যাগ করে। স্থানীয়রা তাকে উপ‌জেলা স্বাস্থ‌্য কেন্দ্রে নিলে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। তি‌নি পেশায় একজন ইট বালু ব‌্যবসায়ী ছিলেন। 

ওসি বলেন, শুক্রবার রাত পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে আসেনি। এছাড়া সন্দেহজন কাউকে আটক করা হয়নি। তবে তদন্ত চলছে। 

খুলনার পুলিশ সুপার ওমর ফারুক বলেন, দুটি কারণ সামনে রেখে তদন্ত শুরু করা হচ্ছে ঘটনাটি। এর মধ্যে একটি হলো জাকির আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ কারণে প্রতিপক্ষরা তার ওপর ক্ষিপ্ত ছিল। এছাড়া ব্যবসায়িক দ্বন্দ্বও থাকতে পারে। এই দুটি বিষয় সামনে রেখে আমাদের তদন্ত চলছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে। এই অবস্থার অবসান হওয়া দরকার। অবিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকব্যবসা দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেফতার করা দরকার। 

নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে এবং মাদকের বাজার বসিয়েছে। প্রতিবাদ করলেই তাদের হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ থেকে ১০ জন কর্মীকে তারা হত্যা করেছে।
 
নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, এই হত্যাকাণ্ডের শুধু বিচার নয়, খুলনা থেকে পাকাপাকিভাবে সন্ত্রাস নির্মূলের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা দরকার। মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান প্রয়োজন, প্রয়োজনে কারফিউ দিয়েও এদের গ্রেফতার করা দরকার।

রূপসার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রূপসা একটি শান্তিপূর্ণ এলাকা হলেও বর্তমান সময়ে এটি আবার সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে।

পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, এই এলাকায় টহল জোরদার করতে হবে, সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করতে হবে। অন্যথায় শক্ত পদক্ষেপ না নিলে কারো জীবন রক্ষা করা সম্ভব হবে না। 

তিনি আরও বলেন, নিহতের পরিবারকে সহায়তার জন্য স্থানীয় নেতৃবৃন্দ ও স্বজনেরা দায়িত্ব নিয়েছেন। খুলনাকে একটি শান্তিময় শহর ও জনপদ হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।