Image description

একের পর এক কঠোর নির্দেশনা, বিভিন্ন পয়েন্টে তল্লাশি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হলেও কিছুতেই ঠেকানো যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অপতৎপরতা। এমনকি সড়কে চেকপোস্ট ও টহল বাড়ানো দৃশ্যমান হলেও বাস্তবে ঠেকানো যাচ্ছে না তাঁদের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড। রাজধানীসহ বিভিন্ন স্থানে ঘটছে বিচ্ছিন্ন হামলা। অনেক ক্ষেত্রে নাশকতার খবর আগে ছড়িয়ে পড়লেও প্রতিরোধে পুলিশের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। গ্রেপ্তার হতে দেখা যাচ্ছে না নির্দেশদাতাদের। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে রিসোর্ট ভাড়া করে গোপন বৈঠকও করেছেন কার্যক্রম নিষিদ্ধ দলের সিলেট-১ আসনের সাবেক এমপি রঞ্জিত সরকার। এ ছাড়া বিভিন্ন স্থানে নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা গোপন বৈঠক করছেন, ফেসবুকসহ সমাজমাধ্যমে নানান উসকানিমূলক বার্তা ছড়াচ্ছেন। এ অবস্থায় জনমনে প্রশ্ন উঠেছে-নাশকতা মোকাবিলায় পুলিশের সক্ষমতা ও গোয়েন্দা তথ্যে ঘাটতি, নাকি বাহিনীর কেউ কেউ নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন?

বিশ্লেষকরা বলছেন, গোয়েন্দা ব্যর্থতা, সক্ষমতা ও আস্থার ঘাটতি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে কোনো দলের নাশকতা ঠেকানো পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের কঠোরতার সঙ্গে দৃশ্যমান রাজনৈতিক ঐক্য থাকা জরুরি। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যে ঘাটতি নেই। নতুন পরিকল্পনায় নিরাপত্তাব্যবস্থা সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে; যাতে এ-জাতীয় নাশকতার পুনরাবৃত্তি রোধ করা যায়।

এদিকে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে টানা নাশকতা চালিয়ে যাওয়ার কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এজন্য তাদের দলের নেতা-কর্মীদের গুপ্ত হামলা ক্রমেই বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নতুন আতঙ্ক হয়ে উঠেছে হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ। কোনো কিছু বুঝে ওঠার আগেই বোমা ফাটিয়ে বা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কঠোর নজরদারির মধ্যেই বিভিন্ন থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনসের ফটকে ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের পেছনে পেট্রোলবোমা নিক্ষেপ ও নিষিদ্ধ ছাত্রলীগের আগাম হুমকির অভিযোগ পাওয়া গেছে। শিল্পাঞ্চলে এখনো চলমান রয়েছে অস্থিরতা। সেখানেও শ্রমিকদের সঙ্গে মিশে অপতৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নাশকতায় জড়িত বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ দলটির শীর্ষ নেতারা ভিডিওতে পরিস্থিতি ঘোলাটে করার বার্তা দিয়ে যাচ্ছেন; যা নাশকতা পরিস্থিতি আরও খারাপের দিকে নিতে পারে বলে সতর্ক করেছেন অপরাধ বিশ্লেষকরা।

এদিকে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে রাতারগুলের ‘স্কয়ার রিসোর্ট’-এ গোপন বৈঠকের ঘটনায় দেশের নিরাপত্তা ও নজরদারিব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, রঞ্জিত সরকার ঠিক কোন রুট ব্যবহার করে দেশে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কারা তাঁকে আশ্রয় দিয়েছিলেন এবং গোপন বৈঠকে কারা ছিলেন তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। রিসোর্টে গোপন বৈঠকে অংশ নেওয়া নেতা-কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ রকম অন্য কেউ যাতে অবৈধভাবে দেশে এসে বৈঠক করতে না পারেন সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট প্রতিষ্ঠান ঘিরে হামলা, ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বাসে এবং পুলিশ ও বিজিবির গাড়িতে আগুন দেওয়া, পদ্মা সেতু ও গোপালগঞ্জে সড়ক অবরোধের মতো ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পুলিশের তথ্য বলছে, ৭-১০ নভেম্বর চার দিনেই দেশের বিভিন্ন জায়গায় ৬০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। পোড়ানো হয়েছে ২২টি যানবাহন। সূত্র জানিয়েছে, পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে আইজিপি আলী হোসেন ফকির সব জেলার পুলিশ সুপারদের কড়া নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। এদিকে শুধু মাঠপর্যায়ের নাশকতাকারী নয়, নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, বিস্ফোরক সরবরাহকারীদের শনাক্ত করে পুরো চক্রকে আইনের আওতায় না আনলে হামলা থামবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গোয়েন্দা তৎপরতায় ঘাটতি থাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যাচ্ছে না। আবার কোনো নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হলে সেটিও যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না। তবে পুলিশ কঠোর হাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘নাশকতা ঠেকাতে শুধু পুলিশকে সামনে ঠেলে দিয়ে দোষারোপ করলে হবে না। গণ অভ্যুত্থানের পর এখনো পুলিশের ক্ষমতা ও আস্থার জায়গায় অনেক ঘাটতি রয়েছে। এজন্য পুরো বাহিনীকে শুধু নাশকতা ঠেকাতে নামিয়ে দেওয়া হলেও সেভাবে সফলতা আসবে না। এজন্য প্রয়োজন দৃশ্যমান রাজনৈতিক ঐক্য। যখন কার্যক্রম নিষিদ্ধ কেউ রাজনৈতিক ঐক্যে ঘাটতি দেখবে, তখন জোরালোভাবে নিজের দলের কার্যক্রম জানান দিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে থাকবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব বলেন, ‘রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ করা পুলিশের একমাত্র কাজ নয়। তার বিভিন্ন রুটিন কর্মকাণ্ড আছে। এর মধ্যেই তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ করে থাকে। এখানে পুলিশের ব্যর্থতার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। স্বাভাবিক রাজনৈতিক চর্চার বিপরীতে ধ্বংসাত্মক কার্যক্রমকেই আন্দোলনের একমাত্র পন্থা ভাবা হয়। নাশকতাকারী দলের নেতারা কর্মীদের দিয়ে ধ্বংসাত্মক কাজ শুরু করেন। এটি পরিবর্তন হওয়া জরুরি।’ তিনি আরও বলেন, ‘সোর্সনির্ভরতা বেশি হওয়ায় পুলিশের কাছে সব সময় প্রয়োজনীয় তথ্য আসে না। আবার এক স্পটে নজরদারি বাড়ালে আরেক স্পটে ঘটনা ঘটে। এজন্য রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এসব নাশকতা ঠেকানো কঠিন।’

সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, ‘দেশে সংঘাত-সংঘর্ষের রাজনীতি নতুন কিছু নয়। কেউ কেউ নাশকতার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কী নাশকতা হবে সেটি গোয়েন্দারা সব বলে দেবেন তা সব সময় হবে না। তবে কোনো ঘটনা ঘটলে সেটির পেছনে কে দায়ী এবং সেখানে যাতে পুনরায় আর একই ঘটনা না ঘটে সেই পদক্ষেপ নিতে হবে। ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের প্রবণতা দেখা গেছে। এজন্য নাশকতার হুমকি থাকলেই ফ্লাইওভারে চেকিং জোরদার করতে হবে। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তাহলে এমনিতেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা বলেন, ‘চলমান নাশকতা থামাতে অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। এ ছাড়া যথার্থ অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিছু কিছু ঘটনায় দেখেছি সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতেও পারেনি পুলিশ। তবে শ্রমিক আন্দোলনের পর ডিসেম্বর কেন্দ্র করে আর কোনো বড় নাশকতা আওয়ামী লীগ চালাতে পারবে বলে মনে হয় না। কারণ তাদের হাতে শ্রমিক উসকে দেওয়ার মতো আর কোনো নতুন সুযোগ আসার সম্ভাবনা নেই।’ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকার মতো ঘনবসতিপূর্ণ সিটিতে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে পারে। এটিকে গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই। আমাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য রয়েছে। সে অনুযায়ী নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কোনো অবস্থাতেই কাউকে নাশকতার সুযোগ দেওয়া হবে না।’ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক এবং স্থিতিশীল রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা সংগঠন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। নাশকতাকারীদের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’