Image description

মিয়ানমারের শান রাজ্যের ল্যাবে তৈরি মরণনেশা হেরোইন আসছে কক্সবাজার উপকূলে। গৃহযুদ্ধের বিপুল ব্যয় মেটাতে দেশটির সশস্ত্র মিলিশিয়া ও আন্তঃমহাদেশীয় ড্রাগ সিন্ডিকেট ইয়াবা-আইসের পুরোনো রুটকেই বানিয়েছে হেরোইন পাচারের নতুন প্রবেশদ্বার। ড্রাগ মাফিয়ারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পাল্টিয়েছে এ মাদকের খোলস। পাউডারের বদলে তারা পাঠাচ্ছে উচ্চমাত্রার ‘জমাটবাঁধা’ হেরোইন। বাংলাদেশকে ‘ট্রানজিট’ রুট বানিয়ে এই সাদা বিষ পাচার হচ্ছে তৃতীয় দেশে। মাঝে দেশে আসা হেরোইনের ৫ শতাংশ গিলছে দেশের উচ্চ শ্রেণির মাদকাসক্তরা।

মাদকবিষয়ক গবেষক ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ন কবির খোন্দকার বলেন, ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেলের মিয়ানমার অংশে বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি আফিম উৎপাদন হচ্ছে। দু-চার বছরে রেকর্ড মাত্রার আফিম উৎপাদন হয়েছে এ অঞ্চলে। এ ছাড়া মাদক ব্যবসায় সরাসরি যুক্ত হয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ দুই কারণেই কক্সবাজার অঞ্চল দিয়ে ইয়াবা, আইসের পাশাপাশি হেরোইনও আসছে।’

কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, ‘কক্সবাজার হেরোইন পাচারের অপরিচিত রুট। অতীতে এ রুট ব্যবহার করে এ মাদক প্রবেশের রেকর্ড নেই বলেই চলে। তবে কিছু দিন ধরে এ রুট দিয়ে হেরোইন আসছে। এটি আমাদের জন্য উদ্বেগের। এরই মধ্যে বেশ কিছু চালান জব্দ করা হয়েছে। সব ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’ বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম জানিয়েছেন, ‘বিভিন্ন অভিযোগে হেরোইন জব্দ হচ্ছে। তাই অন্যান্য মাদকের সঙ্গে হেরোইন উদ্ধারেও মনোনিবেশ করেছে বিজিবি। সব ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউএনওডিসির ২০২৬ সালের বিশ্ব মাদক প্রতিবেদনে বলা হয়, বর্তমানের বিশে^র সবচেয়ে বড় অবৈধ আফিম উৎপাদনকারী দেশ মিয়ানমার। আফিম থেকে তৈরি হেরোইনের অন্যতম প্রধান উৎস হচ্ছে এ অঞ্চল। ২০২৫ সালে মিয়ানমারে ৪৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আফিম চাষ হয়েছে। এরমধ্যে ৮৮ শতাংশ হয়েছে দক্ষিণ শান, পূর্ব শান এবং উত্তর শান এলাকায়।

অনুসন্ধানে জানা যায়, মিয়ানমারের শান রাজ্য বিশ্বের প্রধান আফিম উৎপাদনকারী অঞ্চল। সেখানে বছরে ৯০০ মে. টনের বেশি আফিম উৎপাদন হয়। আফিম থেকেই শানের বিভিন্ন ল্যাবে তৈরি হয় মরণনেশা হেরোইন। ল্যাবে তৈরি হেরোইন প্রথমে কুখ্যাত ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেলের’ মিয়ানমার অংশের পাহাড়ি পথ ও নদীপথে পাচার হয়ে রাখাইন (আরাকান) রাজ্যে পৌঁছায়। সেখান থেকে নাফ নদ ও বঙ্গোপসাগরের অরক্ষিত সীমান্ত দিয়ে মাছ ধরার ট্রলার বা স্পিডবোটে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে প্রবেশ করছে। মিয়ানমারের শান রাজ্য থেকে বাংলাদেশে চালান আসা পর্যন্ত হেরোইনের চোরাচালানে নেপথ্যে থেকে কাজ করছে আন্তঃমহাদেশীয় ড্রাগ সিন্ডিকেট। যার শেকড় মিয়ানমারের শান থেকে শুরু করে বাংলাদেশের রাজধানী পর্যন্ত বিস্তৃত। শান রাজ্য ও আরাকানে বসে কলকাঠি নাড়েন মূল হোতারা। এরা মূলত বিদ্রোহী গোষ্ঠী বা মিলিশিয়াদের প্রশ্রয়পুষ্ট। গৃহযুদ্ধের বিপুল ব্যয় মেটাতে দেশটির সশস্ত্র মিলিশিয়াদের অর্থের প্রধান উৎসে পরিণত হয়েছে মাদক। আর এ সুযোগটি কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ড্রাগ সিন্ডিকেটগুলো ইয়াবার পুরোনো রুটকেই বানিয়েছে হেরোইন পাচারের নতুন প্রবেশদ্বার। বাংলাদেশের মধ্যে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ঘাপটি মেরে থাকা কিছু অপরাধী এবং মাদক পাচার চক্রগুলো হেরোইন পাচারের মূল বাহক হিসেবে কাজ করছে। মাদক পাচারের পাহাড় ও সাগরের পুরোনো রুটগুলোকেই হেরোইন চোরাচালানের কাজে ব্যবহার করছে মাফিয়ারা। কক্সবাজার ও টেকনাফ-কেন্দ্রিক স্থানীয় গডফাদাররা মূলত রিসিভার। তারা চালানের ঝুঁকি নিয়ে নিরাপদে দেশের ভিতরে পাঠানোর ব্যবস্থা করে। সীমান্ত পেরিয়ে কক্সবাজারে প্রবেশের পর পাচারের ধরন সম্পূর্ণ বদলে যায়। হেরোইন পরিবহনের জন্য এখন সাধারণ বাহকের বদলে বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টগুলোতে ডিজিটাল ডেটাবেজ না থাকার সুযোগ নিয়ে এসব গাড়িতে ব্যবহার করা হচ্ছে সাংবাদিক বা হাইকোর্টের ভুয়া স্টিকার। এ ছাড়া গাড়ির গ্যাস সিলিন্ডার, এসি প্যানেল বা সিটের নিচে এমনভাবে যান্ত্রিক চেম্বার তৈরি করা হচ্ছে, যা আধুনিক স্ক্যানার ছাড়া ধরা প্রায় অসম্ভব। এ অভিনব কৌশলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চালানগুলো নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়। পরে আকাশপথ কিংবা সড়কপথে হেরোইন পাচার হচ্ছে তৃতীয় কোনো দেশে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পরিচালিত জরিপ অনুযায়ী-দেশে মোট মাদকাসক্তের সংখ্যা প্রায় ৮২ লাখ। এরমধ্যে ৫ দশমিক ৪ শতাংশ হেরোইন বা ওপিওয়েড জাতীয় মাদকে আসক্ত। হেরোইন আসক্তের মধ্যে প্রায় সবাই শহরের তরুণ সমাজ, ধনাঢ্য ব্যক্তি বা পরিবারের সন্তান। দেশে আসা হেরোইনের মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ আইন প্রয়োগকারী সংস্থাগুলো জব্দ করে। বাকি চালানগুলো বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে চলে যায় তৃতীয় কোনো দেশে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় দেশে ইয়াবার সঙ্গে পাল্লা দিয়ে আইসও ঢুকত। এখন ট্রানজিট হিসেবে হেরোইন বাংলাদেশে। যা উদ্বেগজনক।

আসছে জমাটবাঁধা হেরোইন : কক্সবাজার সীমান্তে হেরোইন চোরাচালানে যুক্ত হয়েছে নতুন এক ভয়ংকর মাত্রা। চিরচেনা পাউডারের বদলে মিয়ানমার থেকে এখন দেশে ঢুকছে সম্পূর্ণ নতুন অবয়বের ‘জমাটবাঁধা’ হেরোইন। যা সাধারণ হেরোইনের চেয়ে অন্তত দশ গুণ বেশি শক্তিশালী! সব সংস্থার চোখ ফাঁকি দিতেই আন্তর্জাতিক মাদক মাফিয়ারা নিয়েছে এ অভিনব কৌশল। সম্প্রতি এ ভয়ংকর মাদকের অস্তিত্ব ধরা পড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে। গত ২৪ সেপ্টেম্বর টেকনাফের পশ্চিম গোদার বিলের শাহেদ ওরফে সাজেদের বাড়িতে অভিযান চালায় তারা। সেখানে অস্ত্র ও ইয়াবার চালানের পাশেই পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় চ্যাপ্টা ও চারকোনা আকৃতির ৭০০ গ্রামের একটি সাদা রঙের জমাটবাঁধা বস্তু। প্রাথমিকভাবে ঘ্রাণ শুঁকে কর্মকর্তাদের সন্দেহ হলেও বস্তুটি আসলে কী তা নিয়ে ধোঁয়াশা ছিল। নিশ্চিত হতে চালানটি কক্সবাজার থেকে ঢাকায় ডিএনসির কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। ল্যাব টেস্টে বেরিয়ে আসে ভয়ংকর সত্য। এটিই নতুন অবয়বে আসা সেই উচ্চমাত্রার হেরোইন!।