Image description

নীরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করছে ডায়াবেটিস। শুরুতে তেমন কোনো উপসর্গ না থাকায় অনেকেই বুঝতে পারেন না শরীরে বাসা বেঁধেছে এই রোগ। যখন রোগ শনাক্ত হয়, তত দিনে ক্ষতিগ্রস্ত হয়ে যায় চোখ, কিডনি, হৃদ্?যন্ত্র ও স্নায়ুতন্ত্র। কারও কারও ক্ষেত্রে দেখা দেয় হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকল কিংবা পায়ের ক্ষত থেকে অঙ্গচ্ছেদের মতো ভয়াবহ জটিলতা।

দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৮ লাখের বেশি। তাঁদের মধ্যে ৫৪ লাখেরও বেশি মানুষ জানেন না যে তাঁরা এ রোগে আক্রান্ত। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ’।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালে প্রকাশিত ডায়াবেটিস অ্যাটলাসের ১১তম সংস্করণের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সি ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার। মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে বয়স-সমন্বিত ডায়াবেটিসের হার ১৩ দশমিক ২ শতাংশ। আক্রান্তদের ৩৯ দশমিক ১ শতাংশ জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। সংখ্যায় এই জনগোষ্ঠী প্রায় ৫৪ লাখ ২৬ হাজার। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তের শর্করা শরীরের বিভিন্ন অঙ্গের স্থায়ী ক্ষতির কারণ হচ্ছে। আইডিএফের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে ২০৫০ সাল নাগাদ ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে।

বাডাসের অ্যাপে উঠে এসেছে ঝুঁকির তথ্য : ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, নতুন করে টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হওয়া ব্যক্তিদের ৫২.৭ শতাংশের রোগ ধরা পড়ার সময়ই অন্তত একটি জটিলতা ছিল। এসব জটিলতার মধ্যে স্নায়ুর ক্ষতি সবচেয়ে বেশি দেখা গেছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ (সিজিএইচআর) গত আড়াই বছর ধরে ‘ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর’ (ডিআরসি) অ্যাপের মাধ্যমে ঝুঁকি যাচাই ও প্রাথমিক প্রতিরোধ কার্যক্রম চালাচ্ছে। এ সময়ে প্রায় ২৫ হাজার মানুষের ঝুঁকি যাচাই করা হয়েছে। তাঁদের মধ্যে ৪২.৫১ শতাংশ পুরুষ এবং ৫৭.৪৯ শতাংশ নারী।

কার্যক্রমের সর্বশেষ তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৫০.৩৭ শতাংশ টাইপ-২ ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে, ৪১.৯৬ শতাংশ মাঝারি ঝুঁকিতে এবং ৬.২০ শতাংশ কম ঝুঁকিতে ছিলেন। অ্যাপটি ডায়াবেটিসের ঝুঁকি নিরূপণ করে। রোগ নিশ্চিত করতে রক্তে গ্লুকোজ পরীক্ষা প্রয়োজন। অংশগ্রহণকারীদের ৪১.৯০ শতাংশের স্থূলতা এবং ২৪.৮১ শতাংশের উচ্চ রক্তচাপের তথ্য নথিভুক্ত হয়েছে। ধূমপান করতেন ১৫.৮০ শতাংশ এবং শারীরিকভাবে সক্রিয় ছিলেন ৬৩.৮২ শতাংশ। প্রতিদিন সবজি খেতেন ৫১.২৪ শতাংশ এবং প্রতিদিন ফল খেতেন ২০.৫৪ শতাংশ।

সিজিএইচআরের পরিচালক অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি থাকলেও অনেকেই সুস্থ বোধ করেন। তাই উপসর্গ দেখা দেওয়ার আগেই মানুষের কাছে পৌঁছানো জরুরি। আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, ঝুঁকি যাচাইয়ের সময়ই প্রতিরোধের পরামর্শ দেওয়া যায় এবং কাদের আরও মূল্যায়ন প্রয়োজন, তা চিহ্নিত করা যায়।’ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ইতোমধ্যে নরসিংদী, কুমিল্লা ও কক্সবাজার জেলার ৮১৬টি কমিউনিটি ক্লিনিকে ডিআরসি অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জাতীয় প্রটোকলেও অ্যাপভিত্তিক ঝুঁকি যাচাই অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক রোগে একাধিক জটিলতা : ডায়াবেটিসকে শুধু রক্তে শর্করা বেড়ে যাওয়ার রোগ হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘদিন রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে শরীরের ক্ষুদ্র ও বড় রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে চোখ, কিডনি, হৃদ্?যন্ত্র, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে। রোগ নিয়ন্ত্রণে না থাকলে ধীরে ধীরে অঙ্গগুলোর স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায়।

ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার সূক্ষ্ম রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়ে থাকে। এতে চোখে ঝাপসা দেখা, রেটিনায় রক্তক্ষরণ এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার পাশাপাশি এক পর্যায়ে অন্ধত্বও হতে পারে। কিডনির ক্ষেত্রেও একইভাবে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি হয়। ফলে কিডনির রক্ত পরিশোধনের ক্ষমতা কমতে থাকে। রোগ জটিল পর্যায়ে পৌঁছালে ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়। প্রাথমিক পর্যায়ে প্রস্রাব দিয়ে অতিমাত্রায় প্রোটিন নির্গত হয় এবং ধীরে ধীরে কিডনির ছাঁকনি বন্ধ হয়ে সেটি সম্পূর্ণ বিকল হয়ে যায়।’

এ ছাড়া ডায়াবেটিস রক্তনালিতে চর্বি জমা ও সংকোচনের ঝুঁকি বাড়ায়। এতে হৃদ্?যন্ত্রে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক ও হৃদ্?রোগের আশঙ্কা তৈরি হয়। মস্তিষ্কের রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে স্ট্রোক হতে পারে। স্নায়ুর ক্ষতির কারণে হাত-পায়ে অবশভাব, ঝিনঝিন, জ্বালাপোড়া ও ব্যথা অনুভব হয়। অনেক সময় পায়ের অনুভূতি কমে যাওয়ায় ক্ষত বা সংক্রমণ রোগী বুঝতে পারেন না। রক্ত চলাচল কম থাকায় ক্ষত সহজে শুকায় না। সংক্রমণ ছড়িয়ে পড়লে পায়ের আঙুল কিংবা পুরো পা কেটে ফেলে দিতে হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান বলেন, ‘ডায়াবেটিস রোগীদের স্ট্রোকের তীব্রতা, মৃত্যুর হার এবং পক্ষাঘাত বা শারীরিক অক্ষমতার ঝুঁকি নন-ডায়াবেটিক রোগীদের তুলনায় কমপক্ষে দ্বিগুণ বা তিন গুণ বেশি।’

এনসিডি কর্নারে ওষুধের সংকট : উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছিল স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) শাখা। জানা গেছে, এনসিডি কর্নারে মূলত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য মেটফরমিন ও গ্লিক্লাজাইড, উচ্চ রক্তচাপের জন্য অ্যামলোডিপিন, লোজারটেন পটাশিয়াম ও হাইড্রোক্লোরোথায়াজাইড ওষুধ দেওয়া হয়। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ১০টি জেলা হাসপাতাল মিলিয়ে ৪৪৬টি এনসিডি কর্নারে নিবন্ধন করে সেবা নেওয়া ১২ লাখের বেশি রোগী ওষুধ পাচ্ছেন না। এসব রোগীর বেশির ভাগই বয়োবৃদ্ধ এবং নিম্ন আয়ের মানুষ। উপার্জন করার মতো শারীরিক সক্ষমতাও তাদের নেই। ২০২৪ সালের জুনে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানো এই কর্মসূচি মুখ থুবড়ে পড়ছে। ২০১৮ সালের অক্টোবরে সিলেটের চারটি উপজেলায় প্রথম এনসিডি কর্নার চালু করা হয়। এতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস শনাক্ত, চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণ, ওষুধ বিতরণ ও রোগীদের নিবন্ধন করে নিয়মিত ফলোআপ করা হয়।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বলেন, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা দিচ্ছে। ওষুধের কিছুটা সংকট আছে, সেটা সমাধানেও কাজ চলছে। প্রতিরোধমূলক চিকিৎসা গড়ে তুলতে জাতীয় এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠার আলোচনা চলছে।

দেশীয় গবেষণায় জটিলতার ভয়াবহ চিত্র : দেশে ডায়াবেটিস রোগীদের মধ্যে অন্যান্য রোগের প্রকোপ কতটা, তা নিয়ে সাম্প্রতিক কয়েকটি গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক সাময়িকী ফ্রন্টিয়ারস ইন এন্ডোক্রাইনোলজিতে প্রকাশিত ‘মাক্রোভাসকুলার কমপ্লিকেশনস ইন টাইপ-২ ডায়াবেটিস : এ মাল্টিরিজিওনাল স্টাডিজ ইন রুরাল বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় দেশের তিনটি অঞ্চলের ১ হাজার ৯৪ জন টাইপ-২ ডায়াবেটিস রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এ গবেষণায় দেখা যায়, ১১ দশমিক ২ শতাংশ রোগী করোনারি আর্টারি ডিজিজ, ৫ দশমিক ৩ শতাংশ স্ট্রোক এবং ৯ দশমিক ১ শতাংশ ডায়াবেটিক ফুটের (পায়ের) সমস্যায় আক্রান্ত। গবেষণায় আরও দেখা যায়, বয়স বৃদ্ধি, দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত থাকা, ধূমপান, উচ্চ রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে এসব জটিলতার সম্পর্ক রয়েছে।

চলতি বছরে ফ্রন্টিয়ারস ইন এন্ডোক্রাইনোলজিতে প্রকাশিত প্রতিবেদনে ডায়াবেটিস ও স্নায়ুবিষয়ক দেশের ১২টি গবেষণার ৭ হাজার ৬৮ জন ডায়াবেটিস রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, দেশে ডায়াবেটিসজনিত স্নায়ু ক্ষতির সম্মিলিত হার ৩১ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ গবেষণায় অন্তর্ভুক্ত রোগীদের প্রায় এক-তৃতীয়াংশের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সমস্যায় হাত-পায়ে ঝিনঝিন, অবশভাব, জ্বালাপোড়া ও ব্যথা দেখা দিতে পারে।

কেন বাড়ছে ডায়াবেটিস : চিকিৎসকদের মতে, ডায়াবেটিস বৃদ্ধির পেছনে অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অতিরিক্ত ওজন ও স্থূলতা অন্যতম কারণ। এর পাশাপাশি বংশগত প্রবণতা, বয়স বৃদ্ধি, উচ্চ রক্তচাপ এবং বিপাকীয় সমস্যাও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে শরীরের কোষ ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। একে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। ফলে রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরির ক্ষমতাও কমে যেতে পারে। শহরাঞ্চলে কায়িক পরিশ্রম কমে যাওয়া, দীর্ঘ সময় বসে কাজ করা, যানবাহনের ওপর নির্ভরতা এবং অস্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতাও ঝুঁকি বাড়াচ্ছে। গ্রামাঞ্চলেও খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তনের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে।

নিয়ন্ত্রণে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা জরুরি : বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগেভাগে রোগ শনাক্ত করা। বিশেষ করে যাঁদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, যাঁদের অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ কিংবা শারীরিক পরিশ্রমের অভাব রয়েছে, তাঁদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা প্রয়োজন।

ডায়াবেটিস শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ওজন নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে চোখ, কিডনি, হৃদ্যন্ত্র ও পায়ের নিয়মিত পরীক্ষা করানো জরুরি। শুধু রক্তের শর্করা নিয়ন্ত্রণ করলেই হবে না, উচ্চ রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে হবে।