Image description

৭ নভেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। সভা শেষ হওয়ার আগেই সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে এই হামলার ঘটনা। হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল।

সে সময় কার্যালয়ের পাশের একটি দোকানে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের ছোট ভাই মো. আমির হোসেনকে (৪০) দেখতে পান বিএনপির কয়েকজন নেতাকর্মী।

পরে তাকে আটক করে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

এরপর যা ঘটলো

এই খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনেরা একত্রিত হয়ে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। একপর্যায়ে তারা আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যান।

এই হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে: শফিকুল ইসলাম সুজন (৩০) মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮), মো. ফারুক হোসেন (৩০)

উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমানের ভাষ্য, আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজনের অবস্থা গুরুতর।

হামলার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।