ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘কোনো ডিসেম্বরেই কোনো আপার এই দেশে আসার আর সুযোগ নাই। আর আসলে ফাঁসির মঞ্চ তার জন্য প্রস্তুত আছে।’
শনিবার বিকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
নাহিদ ইসলাম বললেন, ‘আগামী ডিসেম্বর মাসে মনে হয় কেউ দেশে আসতে চাচ্ছে। আপনারা কি প্রস্তুত আছেন? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবারও কি সেভাবে প্রস্তুত আছি? এবার কি আগের চেয়ে বেশি হবে, না কম হবে? আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি। আমরা ক্ষমা করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম, ওসমান হাদির ভাষায়, শত্রুর প্রতি আমরা ইনসাফ করব, ন্যায়বিচার করব।’
নাহিদ আক্ষেপ করলেন, গত দুই বছরে তারা কোনো বিচার পাননি। ওসমান হাদি হত্যার বিচার হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ভাই-বোনদের হত্যারও বিচার পাননি তারা।
বিচার না পেলে জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে উল্লেখ করে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, মানুষ ন্যায়বিচার না পেলে নিজেরাই প্রতিরোধ শুরু করে। ডিসেম্বর তাদের প্রতিরোধ ও বিজয়ের মাস। একাত্তরে বিজয় হয়েছে, চব্বিশেও বিজয় এসেছে। ২০২৬ সালেও বিজয় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী সব ডিসেম্বরেই বাংলাদেশের ছাত্র-জনতা বিজয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বললেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে যায়নি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি-শিক্ষার্থীদের তার প্রমাণ দিতে হবে। তাদের জ্যেষ্ঠরা আন্দোলন করে গেছেন, এখন সেই ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব নবীনদের। কোনো ফ্যাসিবাদীর জায়গা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশ রাষ্ট্রে হবে না।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।