১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির সবুর শেখ ও দলীয় কর্মী নূরুন্নবী।
আহত দুজনকে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সবুর শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জামায়াত সূত্রে জানা যায়, ১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবি আদায়ে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে হাটিকুমরুল মোড়ে একটি পথসভার আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। টাঙ্গাইলের কর্মসূচি শেষ করে লংমার্চের গাড়িবহর দুপুর সোয়া ১টার দিকে যমুনা সেতু পেরিয়ে সয়দাবাদ এলাকায় পৌঁছায়। এ সময় সড়কের পাশে অবস্থানরত কয়েকজন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে সেখানে থাকা জামায়াত নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের এক নেতার কথাকাটাকাটি হয়। অভিযোগ উঠেছে, পরে ওই ছাত্রদল নেতা ফোনে অতিরিক্ত লোক ডেকে আনলে তারা এসে সবুর শেখ ও নূরুন্নবীকে ছুরিকাঘাত করে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। তিনি অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে এই অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।