বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মো. আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি।
বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মো. আলমগীর হোসেন ২০১১ সালে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শুক্রবার সকালে বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের উপস্থিতিতে তিনি বিএনপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এ সময় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদের ফরম, জামায়াতের সাংগঠনিক ও ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়। পরে বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার মিষ্টিমুখ করিয়ে মো. আলমগীর হোসেনকে দলে স্বাগত জানান।
এ সময় অন্যদের মধ্যে বানারীপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ সৈয়দ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, সলিয়াবাকপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সেক্রেটারি মাস্টার মজিবুর রহমান মিজান ও সাবেক বায়তুলমাল সম্পাদক মো. সাদেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানকালে মো. আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে মো. আলমগীর হোসেন জানান, জামায়াতে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দলে যোগদান করেছেন। আগামী ইউপি নির্বাচনে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন।