কুমিল্লার নাঙ্গলকোটে ইশাত আহমেদ (১৮) নামে এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লিখে শুক্রবার রাত ৮টার দিকে একটি স্টোরি দেন। এর প্রায় ঘণ্টাখানেক পর রাত ৯টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
নিহত ইশাত আহমেদ উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের পূর্বপাড়া এলাকার প্রবাসী ইলিয়াসের একমাত্র ছেলে।
জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ইশাত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বটতলা চত্বরের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি হাসপাতালের সড়ক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে পড়ে যান তিনি। এতে তার মাথা, মুখসহ পুরো শরীর গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার অবস্থা বিবেচনায় দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার ওসি শাহিনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ইশাত। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় কারো কোনো অভিযোগ নেই।