রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও নাশকতার চেষ্টা করে পালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোলা জেলার দুজন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সদরঘাটের ইলিশা লঞ্চ থেকে শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের উত্তরা জোনাল টিম।
গ্রেপ্তার নেতারা হলেন ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু ও একই উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ।
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এশিয়া পোস্টকে বলেন, 'রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলার আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু ও শহীদুল্লাহ কিরনকে গ্রেপ্তার করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'গ্রেপ্তার দুজনই ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ডানহাত। তারা রাজধানীতে নাশকতার উদ্দেশ্যে এসেছিল। পরে ভোলায় ফিরে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।'
ডিসি ইলিয়াস বলেন, 'গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই চলছে এবং তাদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'