Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় দোকান দখলের চেষ্টা, দোকানদারদের হুমকি এবং জুলাই আন্দোলনে নিহত শহীদ আলিফের বাবাকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সেলিম রেজা জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। 

‎রবিবার (৩ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

‎শহীদ আলিফের বাবা বুলবুল জানান, গত শনিবার অভিযুক্ত নেতা তার অনুসারীদের নিয়ে প্রান্তিক এলাকায় গিয়ে দোকানগুলোর ভিডিও ধারণ করেন এবং নতুন করে দোকান বসানোর কথা বলেন। পরদিন তিনি নিজেকে ছাত্রদলের সাবেক সেক্রেটারি পরিচয় দিয়ে দোকান দখল ও নতুন করে দোকান বসানোর চেষ্টা করেন। একপর্যায়ে দোকানদারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

‎তিনি আরও অভিযোগ করেন, এ সময় অভিযুক্ত নেতা শহীদ আলিফকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, দোকানদারদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালাগালি করেন এবং মারধরের জন্য তেড়ে যান। এমনকি তাকে ইসলামনগরের বাসায় গিয়ে মারধরের হুমকিও দেন।
‎ 
‎ঘটনার প্রতিবাদ জানিয়ে জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, 'একজন শহীদ পরিবারের সদস্যের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রান্তিক এলাকায় দোকান দখল, চাঁদাবাজি ও সিন্ডিকেট গড়ে তোলার অপচেষ্টা বন্ধ করতে হবে।'

 তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের নেতা সেলিম রেজা জানান, আমার এক ম্যাডাম ফোন দিয়ে বলেছিল তার কোন এক আত্নীয় ক্যাম্পাস এ দোকান দিবে। তাই আমি প্রান্তিকে যাই,আমার এলাকার এক দোকানদার (রেজাউল) এর সাথে। তখন গিয়ে জানতে পারি বুলবুল ভাই ওই মার্কেটের সভাপতি।তিনি ব্যস্ত থাকায় আমি তার ফোন নম্বর টা নিয়ে আসি। পরের দিন জানতে পারি, উনারা আমার এলাকার ওই দোকানদার ছেলে কে ওরা বকাবকি করেছে। তাই আমি গিয়ে কথা বলি, এছাড়া আর কিছু হয়নি।