Image description

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে আহত যুবদল কর্মী মুহাম্মদ নাসির উদ্দিন মারা গেছেন।

রোববার (২৭ এপ্রিল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রোববার রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টেরহাট এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে অতর্কিত ও এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। নাসিরের শরীরে একাধিক গুলি লেগেছিল। হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক গুলির খোসা উদ্ধার করেছে।

নাসির উদ্দিন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নাসির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাঁচটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার দিয়াগত রাত তিনটার দিকে রাউজান পৌরসভার আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামের এক প্রবাসী বিএনপি সমর্থককে গুলি করে হত্যার মাত্র ৪৩ ঘণ্টার মাথায় এই হামলার ঘটনা ঘটল।