Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিকে পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী শনিবার জাতীয় সমন্বয় সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। কমিটির আকার খুব স্বাভাবিক হবে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপিতে যুক্ত হওয়া নেতাকর্মীরাও নতুন কমিটিতে থাকছেন বলে সূত্র জানিয়েছে। সোমবার রাতে সদস্য সচিব জাহিদুল ইসলামের হঠাৎ পদত্যাগের পরই কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াটি সামনে আসে।

গত বছরের ১৬ই মে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ করে জাতীয় যুবশক্তি। এতে আহ্বায়ক হন তারিকুল ইসলাম, সদস্য সচিব ছিলেন জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন ফরহাদ সোহেল। তবে সোমবার রাতের সাধারণ সভার পর ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন জাহিদুল ইসলাম।

সূত্র বলছে, নতুন কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন থেকে এনসিপিতে যোগ দেয়া কয়েকজন নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। সম্ভাব্য কাঠামো অনুযায়ী, তারিকুল ইসলাম সভাপতি, ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক এবং বৈছাআ থেকে আসা রিফাত রশিদ সাংগঠনিক সম্পাদক হতে পারেন। শনিবারের সমন্বয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু নেতাকেও নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে কাদের রাখা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। সদস্য সচিব জাহিদুল ইসলামের আকস্মিক পদত্যাগ নিয়ে সংগঠনের ভেতরে নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত দিলেও জাহিদুল ইসলাম তা নাকচ করেছেন।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম মানবজমিনকে বলেন, শিগগিরই জাতীয় যুবশক্তির কমিটি পুনর্গঠিত হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী শনিবার জাতীয় সমন্বয় সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। এ বিষয়ে এনসিপি নেতৃবৃন্দ যারা নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় রয়েছেন- ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আরও কিছু বিষয় রয়েছে, যা খুব শিগগিরই জানানো হবে।

তিনি বলেন, আগামী শনিবার অনুষ্ঠিত জাতীয় সমন্বয় সভায় জাতীয় যুবশক্তির নতুন শীর্ষ নেতত্বের বিষয়টি জানানো হবে।