Image description

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি এবং জুলাই গণঅভ্যুত্থানের একঝাঁক নেতা।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদানের ঘোষণা দেবেন। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব জানিয়েছেন, ইসহাক সরকার হাজারো নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন। বিগত শেখ হাসিনার শাসনামলে তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি হওয়া ইসহাক সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই পদে থাকা এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাঁড়াচ্ছেন।

এ বিষয়ে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলীয় স্বার্থ সবার আগে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এ অবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

এনসিপিতে যোগদান বিষয়ে ইসহাক সরকার বলেন, বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। এমনকি তার অফিস দখল করে নেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তবে কারও প্রতি কোনো বিদ্বেষ না রেখে তিনি সামনে এগিয়ে যেতে চান বলে জানান এবং সবার দোয়া কামনা করেন।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরার এনসিপিতে যোগদান নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও আজ তা আনুষ্ঠানিকভাবে হতে যাচ্ছে। তিনি দলটির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে জানা গেছে।

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আলোচিত জুলাই যোদ্ধা মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিচ্ছেন। এ তালিকায় জুলাই গণঅভ্যুত্থানের আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন বলে জানা গেলেও তাদের নাম নিশ্চিত হওয়া যায়নি।