ইরানের সঙ্গে চুক্তি হওয়া এখনও সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরান তাদের পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা আলোচনার এ সারসংক্ষেপ জানিয়েছেন।
ওই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভ্যান্স আলোচনা শেষে এই বিশ্বাস নিয়ে ফিরেছেন যে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষিতে ইরানের হাতে ঠিক কতটা শক্তি আছে, সে বিষয়ে দেশটির শাসকদের মধ্যে ‘ভুল ধারণা’ রয়েছে।
দীর্ঘ আলোচনা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওই মার্কিন কর্মকর্তা বলেন, অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বৃহত্তর শান্তি কাঠামো তৈরি এবং কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়াই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার স্থায়ী সমাধান। সূত্র: বিবিসি।